উদ্বোধনী অনুষ্ঠানে না থাকলেও সমাপনী অনুষ্ঠানে ঠিকই দেখা যাবে সঙ্গীত তারকা শাকিরাকে। আগামী ১৩ জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে পর্দা উঠছে বিশ্বকাপে। সেদিনের সেই জমকালো অনুষ্ঠানে শাকিরা গাইবেন, ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’। একই দিনে আরও বড় কিছু চমক অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য। গান গাইতে আসছেন বিশ্বখ্যাত লাতিন সঙ্গীতকার কার্লোস স্যান্টানা।
দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপে শাকিরার আনুষ্ঠানিক উদ্বোধনী সঙ্গীতটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এবার ব্রাজিলের বিশ্বকাপ আয়োজকরা আনুষ্ঠানিক উদ্বোধনী সঙ্গীতের জন্য বেছে নেয় জেনিফার লোপেজ, পিটবুল ও ক্লদিয়া লেইতেকে। তবে বিশ্বজুড়ে শাকিরার ‘লা লা লা’ জনপ্রিয়তায় ছাড়িয়ে যায় তাদের গাওয়া ‘ওলে ওলা’কে। এ কারণেই হয়ত সমাপনী অনুষ্ঠানটা জমিয়ে তুলতে তাকে রিওতে নিয়ে আসছে আয়োজকরা। এর মধ্যদিয়ে টানা তিনটি বিশ্বকাপে দেখা যাবে শাকিরাকে। তৃতীয়বারের মতো বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে আসতে পেরে দারুণ খুশি কলম্বিয়ার এই সঙ্গীতশিল্পী, ‘বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে আমার লা লা লা গানটি গাইতে পারব বলে খুব রোমাঞ্চিত। সঙ্গত কারণেই ফুটবলের সঙ্গে আমার গভীর একটা সম্পর্ক আছে। আমি বুঝতে পারি, আমার মতোই এত মানুষের কাছে বিশ্বকাপ মানে কি।’
শ্রোতা ভক্তরা গানটিকে বেশ পছন্দ করেছে বলেও খুশি শাকিরা, ‘এই বছর ব্রাজিলে ফিফা বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গাইতে পারার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। শ্রোতারা এই গানটি বিপুল সমর্থন দিয়েছে। তাদের জন্য এটি পরিবেশনের জন্য আমার তর সইছে না।’ শাকিরার ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানের মিউজিক ভিডিওর পুরোটা জুড়েই আছে ফুটবল, আছে মেসি ও নেইমারের উচ্ছ্বাস। তাদের বার্সেলোনা সতীর্থ সেস ফাব্রেগাসও আছেন। আর শাকিরার প্রেমিক ও বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে তো আছেনই। শাকিরার নিজের দেশের তারকা ফরোয়ার্ড রাদামেল ফালকাও, ফ্রান্সের এরিক আবিদাল আর আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরোও রয়েছেন মিউজিক ভিডিওটিতে। রিওতে অবশ্য ‘লা লা লা (ব্রাজিল ২০১৪)’ গানটিতে শাকিরার সঙ্গে অংশ নেবেন ব্রাজিলের শিল্পী কার্লিনহোস ব্রাউন।
সমাপনী অনুষ্ঠানে থাকছে আরও বড় কিছু চমক। সমাপনীর আনুষ্ঠানিক সঙ্গীত পরিবেশন করবেন কিংবদন্তী গিটারিস্ট ও কণ্ঠশিল্পী কার্লোস স্যান্টানা। তার সঙ্গে থাকবেন সুইডেনের ইলেক্ট্রো ডিজে আভিচি, হাইতিয়ান-আমেরিকান র্যাপার ওয়াইক্লেফ এবং ব্রাজিলের গ্র্যামিজয়ী শিল্পী আলেসান্দ্রে পিরেস। এই ক’জন মিলে যে সঙ্গীতটি পরিবেশন করবেন, তার ‘দার উম জেইতো’। পর্তুগীজ ভাষার এই বাক্যটির বাংলা অর্থ — ‘আমরা পথ খুঁজে নেব’। ব্রাজিলের তারকা সঙ্গীতশিল্পী ইভেতে সানগালো অনুষ্ঠানে ব্রাজিলিয়ান সঙ্গীত পরিবেশন করে স্থানীয় একটি আবহ নিয়ে আসবেন। অনুষ্ঠানে দর্শকদের জন্য থাকবে রিও দে জেনিরোর ঐতিহ্যবাহী সাম্বা নৃত্যও।
