ভেনিজুয়েলার দায়িত্বে ম্যারাডোনা?

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৪
আর্জেন্টাইন গ্রেট দিয়েগো ম্যারাডোনা বলেছেন, তিনি ভেনেজুয়েলার পরবর্তী কোচ হতে পারেন। ব্রাজিল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়ায় গত নভেম্বরে ভেনেজুয়েলা জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান চেজার ফারিয়াস। বদলি হিসেবে স্থানীয় বেশ কয়েকজন কোচের নাম আলোচনায় এলেও ভেনেজুয়েলান সকার ফেডারেশন সে বিষয়ে কোন মন্তব্য করেনি। সম্ভাব্য এ নিয়োগ সম্পর্কে জানতে চাইলে আঞ্চলিক টেলিভিশন চ্যানেল ‘টেলেসুর’কে বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা বলেন, ‘আমি গুরুত্বপূর্ণ একটি প্রকল্পের অপেক্ষায় আছি... এবং আমি মনে করছি সেটা হবে। যদি এর সঙ্গে নিরাপত্তা থাকে তাহলে হতে পারে।’ একজন বামপন্থি হিসেবে পরিচিত ম্যারাডোনা বলেন, চলমান বিশ্বকাপ শেষে তার ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর সঙ্গে সাক্ষাত্ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন ‘দলসহ সকল বিষয়েই আলোচনা করার পরিকল্পনা আমাদের আছে।’ ভেনেজুয়েলার দল গঠনে তার মতামতকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমে গত সপ্তাহে গুঞ্জন ছিল। তবে এমন কোন প্রস্তাব পাওয়ার অস্বীকার করেন ম্যারাডোনা। ম্যারাডোনার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ভেনেজুয়েলার প্রয়াত রাষ্ট্রপতি হুগো চাভেজ।-বাসস