ফাইনাল খেলবেন মেসি!

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৪
ইতিহাস গড়তে আর্জেন্টিনার সামনে আরও তিনটি বাধা — কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। অথচ দুই ম্যাচ বাকি থাকতেই মেসিকে ফাইনালে দেখে ফেলছেন ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো। বিশ্বকাপ শুরু হবার দিন থেকেই ব্রাজিল আর আর্জেন্টিনাকে ফাইনালে দেখে আসছিলেন এই কিংবদন্তী ফুটবলার। আজ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। সেই ম্যাচে পুরনো কথাটা আরেকবার বললেন বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল করা সাবেক এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। বৃহস্পতিবার রিও ডি জেনিরোতে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনালের স্বপ্ন দেখছি। ফাইনালে লড়াই হবে মেসি ও নেইমারের মধ্যে।’ ব্রাজিল ও আর্জেন্টিনা এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে মুখোমুখি হয়েছে চারবার। নক আউট পর্বে দল দু’টির দেখা হয়েছে মাত্র একবার। ১৯৯০ সালে সেবার ইতালিতে শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে বিদায় করে দেয় আর্জেন্টিনা। ব্রাজিলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ডধারী রোনালদো জার্মানীরও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন। ৩৭ বছর বয়সী সাবেক এই খেলোয়াড় এই প্রসঙ্গে বলেন, ‘জার্মানী এখন পর্যন্ত অনেক ভাল খেলেছে। তাই তারাও শিরোপার অন্যতম দাবিদার। আমার মতে জার্মানী ফ্রান্সকে হারিয়ে দিবে। আর কলম্বিয়ার বিপক্ষে জয় নিয়ে ফিরবে ব্রাজিল। সেক্ষেত্রে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও জার্মানি। সেই লড়াইয়ে আমি ব্রাজিলকেই জয়ী হিসেবে দেখতে পাচ্ছি।’ ব্রাজিলকে শিরোপার লড়াইয়ে এগিয়ে রাখলেও দলের পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড়, ‘ব্রাজিল এখন পর্যন্ত তার সেরা খেলাটা খেলতে পারেনি। তবে, আমার মনে হয় না যে কলম্বিয়ার বিপক্ষে জিততে আমাদের বড় কোন সমস্যা হবে। প্রথম চার ম্যাচের পারফরম্যান্সে আমরা হতাশই হয়েছি। এবার আর আশাহত হতে চাই না। জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ বার্সেলোনার হয়ে ২৭৭ ম্যাচে ২৪৩ গোল, চ্যাম্পিয়ন্স লিগে ৮৬ ম্যাচে ৬৭টি, ছয়টি লা লিগার শিরোপা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি ব্যালন ডি’অরের সেরার মুকুট — এতো সব অর্জন মেসির পায়ের তলায় এসে লুটিয়ে পড়েছে। কিন্তু সর্বকালের সেরা হতে তো বিশ্বকাপ জিততে হবে। অনন্য কীর্তিগুলো তাই ব্যর্থ হয়ে যাচ্ছিল বিশ্বকাপে গোল না পাওয়ার কারণে। তাই মেসি হয়ে উঠতে পারেননি ম্যারাডোনা, পেলে, রোনালদো কিংবা জিদান। হয়ে উঠতে পারেননি কিংবদন্তী। এবার ফাইনালে উঠে গেলে তাই মেসির সামনে নতুন ইতিহাস গড়ার সুযোগ থাকছে!