পৌর এলাকা ধূমপানমুক্ত রাখতে আলাদা বাজেট বরাদ্দ

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৪৫
রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকাকে ধূমপান ও তামাকমুক্ত করতে বাজেটে আলাদা বরাদ্দ দিয়েছে পৌরসভা। ২০১১ সালের দিকে বেসরকারি সংস্থা এসিডি ও তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশনের সহযোগিতায় গোদাগাড়ী পৌরসভাকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়। এরপর পৌরসভা কর্তৃপক্ষ ধূমপান ও তামাকমুক্ত একটি গাইড লাইন গ্রহণ করে বাস্তবায়নের জন্য ২০১৪-১৫ অর্থ বছরে পৌরসভার বাজেটে ৫০ হাজার টাকা আলাদাভাবে বরাদ্দ করেছে। পৌরসভা সূত্র জানায়, গোদাগাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে ছোটবড় মিলে শতাধিক খাবার হোটেল ও চায়ের দোকান রয়েছে। এর মধ্যে ডাইংপাড়া বাজারে বিসমিল্লাহ্ ও দিলখোস নামে ২টি খাবার হোটেল ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও উপজেলা সদরে অবস্থিত ৩টি প্রতিষ্ঠানকে ধূমপান মুক্ত ঘোষণা করা হয়েছে। পৌর এলাকার সিএন্ডবি আঁচুয়া, মহিশালবাড়ী, ডাইংপাড়া ও সুলতানগঞ্জ বাজারে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ মহাসড়কের পাশে ৫টি বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনীতে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার এখনো বন্ধ হয়নি। গোদাগাড়ী পৌরসভার মেয়র আমিনুল ইসলাম বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার নিরুত্সাহিত করতেই এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন করতেই চলতি অর্থ বছরে বাজেটে আলাদা বরাদ্দ রেখে পৌরসভা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। গোদাগাড়ী পৌর এলাকাকে ধূমপান মুক্ত গড়ে তুলতে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট।