সওজের সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন

আপডেট : ০৪ জুলাই ২০১৪, ২১:৫৬
প্রায় দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সাবেক প্রধান প্রকৌশলী মো. ফজলুল হকের স্ত্রীর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেয়া হয়। খুব শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম বাদী হয়ে এ মামলা দায়ের করবেন বলে জানা গেছে। দুদকসূত্রে জানা যায়, নোটিসের প্রেক্ষিতে সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী মিসেস সুরাইয়া বেগম কমিশনে তার সম্পদ বিবরণী দাখিল করেন। এ বিবরণীতে তিনি বেশকিছু সম্পদের তথ্য গোপন করেন। প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধান কর্মকর্তা কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে উল্লেখ করা তথ্যের মধ্যে ৯ লাখ ৫০ হাজার টাকার সম্পদ গোপন করার ব্যাপারে প্রমাণ পান। পরে অধিকতর অনুসন্ধান করলে তার নামে আরো ১ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৭৯৫ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদের খোঁজ পান দুদকের অনুসন্ধান কর্মকর্তা। এ প্রতিবেদন কমিশনে দাখিল করলে গতকাল বৃহস্পতিবার কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেন।