কুমিল্লায় বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ মাদক ব্যবসায়ী

আপডেট : ২৯ মে ২০১৯, ১২:১২

কুমিল্লায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে রুবেল (৩৪) ও সেলিম (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত দেড়টার দিকে জেলার চৌদ্দগ্রাম পৌর এলাকার নাটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং সেলিম (৩৬) ওরফে সলিম, একই উপজেলার শালুকিয়া (আদর্শগ্রাম) গ্রামের আলী আহাম্মদের ছেলে। বুধবার সকাল সাড়ে ১০টায় মুঠো ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন।

আরও পড়ুন: সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

বিজিবি জানায়, রুবেল ও সেলিম বিজিবি ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। মঙ্গলবার গভীর রাতে পৌর এলাকার নাটাপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী রুবেল ও সেলিমসহ তাদের সহযোগীরা অবস্থান করছে গোপন এমন খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালায়।

কুমিল্লা কোটবাড়িস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, মাদক ব্যবসায়ীরা ওই স্থানে বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে রুবেল ও সেলিম  নামে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।এ সময় অন্যরা পালিয়ে যায়। পরে আহত মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় তাদের নিকট থেকে ২ হাজার ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম