নেইমারের জন্য বিশ্বকাপ

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৩৯
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নেইমারের জন্য শিরোপা জিততে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা। কলম্বিয়ার বিপক্ষে গত শুক্রবারের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জেতা ম্যাচটিতে বিপক্ষের ডিফেন্ডার হুয়ান জুনিগারের ধাক্কায় মেরুদন্ডে আঘাত পান নেইমার। ৮৮ মিনিটের সময় পাওয়া এই আঘাতেই পাঁচ ম্যাচ খেলে চারগোল করা ২২ বছর বয়সী নেইমারের বিশ্বকাপ শেষ হয়ে যায়। ব্রাজিল অধিনায়ক সিলভা জানিয়েছেন, ইনজুরিগ্রস্ত এই তারকার জন্যই ব্রাজিল বিশ্বকাপ জিততে চান তারা। তিনি বলেন, ‘নেইমার আমাদের দলের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা তার ওপর অনেক নির্ভর করি। কিন্তু এমন পরিস্থিতি আমাদের জন্য একটি বিপ্লব সূচিত করতে পারে। এটা নেইমারের জন্য বিশ্বকাপ জিততে আমাদের তাড়িত করবে।’ স্বাগতিক ব্রাজিল আগামী মঙ্গলবার জার্মানির মুখোমুখি হবে। দু’টি হলুদ কার্ড পাওয়ার কারণে ওই ম্যাচে খেলতে পারছেন না অধিনায়ক সিলভাও। ৬৪ মিনিটে হলুদ কার্ড পান তিনি। এ প্রসঙ্গে ব্রাজিল অধিনায়ক বলেন, ‘যখন দল তাদের শক্তি দেখাচ্ছে, তখনই কঠিন সময়ে পড়লাম আমরা।’ আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় নেইমারকে। তাতে ব্রাজিলের জয় আটকে থাকেনি। তবে দলের তারকা খেলোয়াড়ের এই বিপদে খুব বেশি জয়োল্লাস করতে পারেনি ব্রাজিলিয়ানরা। ফার্নান্দো ওয়ামা নামের এক দর্শক বলেন, ‘এটা মিশ্র অনুভূতি (দলের জয় ও নেইমারের ইনজুরি)। জয়ের এক ঘন্টা পরেই আমাদের তারকা খেলোয়াড়দের জন্য জনগণের মধ্যে হতাশা। এটা এমন একটি মুহূর্ত।’ ডাক্তাররা জানিয়েছেন নেইমারের কোনো অস্ত্রোপচার লাগবে না। তবে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। সতীর্থ খেলোয়াড়ের এমন পরিস্থিতিতে কলম্বিয় খেলোয়াড়টির সমালোচনা করেছেন সিলভা। জুনিগার ফাউলই নেইমারকে হাসপাতালে পাঠিয়েছে বলে মনে করেন ব্রাজিল অধিনায়ক, ‘সে (জুনিগা) খারাপ মানুষ নয়। কিন্তু ওই মুহূর্তে সে বিচক্ষণ ছিল না। সে নিজেকে কিছুটা সরিয়ে রাখতে পারতো। অন্যভাবে ফাউলটা করতে পারতো সে।’ নাপোলির ডিফেন্ডার জুনিগার ফাউলে নেইমার গুরুতর আঘাত পেলেও কোনো ব্যবস্থা নেননি স্পেনের রেফারি কার্লোস ভেল্যাসকো কারবালো। এ ধরনের ফাউলে গুরুতর কিছু ঘটতে পারে বলে মনে করেননি তিনি, ‘এটা সাধারণ নড়চড়াই ছিল। এ ধরনের ফাউলে কোনো খেলোয়াড় আঘাত পেতে পারে এটা আমি কখনোই মনে করিনি।’ বিশ্বকাপের শুরু থেকেই নিজের জাত চেনাচ্ছিলেন নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে উদ্বোধনী খেলায় দুই গোলে সূচনা হয় তার। ক্যামেরুনের বিপক্ষেও নিজের নামের পাশে যোগ করেন আরও দু’গোল। চিলির বিপক্ষে শেষ ষোলর লড়াইয়ে টাইব্রেকারেও সফল ছিলেন এই তরুণ ফুটবলার। পারফরম্যান্সে থাকা এমন সতীর্থকে পাচ্ছে না বলে আক্ষেপ তো করবেই ব্রাজিল দল। অস্কার বলেন, ‘আমরা নেইমারকে মিস করবো।’ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জো খেলা শেষে টুইটারে বলেন, ‘দারুণ একটি জয় পেয়েছি আমরা। একই সঙ্গে বড় কিছু হারাতে হয়েছে আমাদের। শক্তি ধরে রাখো নেইমার। আমরা সবাই তোমার সঙ্গে আছি।’ দলের মিডফিল্ডার উইলিয়ান বলেছেন, ‘শক্তি ধরে রাখো ভাই (নেইমার)। আমরা সবাই তোমার সঙ্গে আছি, আমরা তোমাকে ভালবাসি।’ ফেইসবুকে নেইমারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানির প্লে-মেকার মেসুত ওজিলও, ‘নেইমার, আমি তোমার ইনজুরিতে সুখী না। দ্রুত সুস্থ হয়ে ওঠো।’ ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড়ের ইনজুরিতে গণমাধ্যমে বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রুশেফও, ‘নেইমারের প্রতি আমাদের সবার সমর্থন আছে।’ বিবিসি