সুয়ারেজকে অনুশীলনের অনুমতি দেয়নি ফিফা

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪০
চার মাসের জন্য নিষিদ্ধ লুইস সুয়ারেজকে ক্লাবের সঙ্গে অনুশীলনের অনুমতি দেয়নি ফিফা। ফুটবলের বিশ্ব সংস্থাটি জানিয়েছে, তবে চাইলে ক্লাব বদলের ক্ষেত্রে তাকে ডাক্তারি পরীক্ষার অনুমতি দেয়া হবে। লিভারপুল স্ট্রাইকার সুয়ারেজের বড় অংকের বিনিময়ে ক্লাব বদল নিয়ে বর্তমানে বার্সেলোনার সাথে ইংলিশ ক্লাবটির কথাবার্তা চলছে। যদিও ইতালির ডিফেন্ডার জর্জিও চিয়েলিনিকে কামড় দেয়ার ঘটনায় চার মাসের নিষেধাজ্ঞার পাশাপাশি সুয়ারেজ জাতীয় দলের হয়ে নয় ম্যাচ খেলতে পারবেন না। এছাড়াও এক লাখ সুইস ফ্রা জরিমানা করা হয়েছে তাকে। এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল যে, সুয়ারেজকে তার ক্লাবের সঙ্গে অনুশীলন করার অনুমতি দিয়েছে ফিফা। কিন্তু পরবর্তীতে ফিফা জানায়, চার মাস নিষিদ্ধ থাকার সময় সুয়ারেজকে ক্লাবের সঙ্গে অনুশীলন করার ব্যাপারেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ফিফার শৃংখলা কমিটির প্রধান ক্লদিও সুলসার এর আগে বলেছিলেন, মৌসুম-পূর্ব অনুশীলনে সুয়ারেজকে নিষিদ্ধ করাটা হবে ‘সামঞ্জস্যহীন’। পরবর্তীতে এমন মন্তব্যের বিষয়টি পরিষ্কার করতে বলা হলে ফিফা জানায়, এটা ‘সঠিক’ নয় এবং সুয়ারেজ উরুগুয়ে অথবা লিভারপুল কোন স্থানেই অনুশীলন করতে পারবে না। ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘এটা সঠিক নয়।’ যদিও সুলসার বলেছেন, দল বদলের জন্য কেবলমাত্র সুয়ারেজের মেডিক্যাল টেস্ট করা যাবে। এদিকে ফিফা আরো জানিয়েছে সুয়ারেজের শাস্তির ব্যাপারে উরুগুয়ে ফুটবল এসোসিয়েশন আপিল করেছে। খোদ চিয়েলিনিও উরুগুয়ে খেলোয়াড়টির শাস্তি কমানোর পক্ষপাতি। মূলত তাকে কামড় দেয়ার পর উরুগুয়ে তারকা ক্ষমা প্রার্থনা করায় তাতে সাড়া দিয়েছেন ইতালি ডিফেন্ডার চিয়েলিনি। নিজের টুইটারে সুয়ারেজের ক্ষমা চাওয়ার কথা উল্লে¬খ করে চিয়েলিনি বলেন, ‘সবকিছু ভুলে গিয়ে আমি আশা করছি ফিফা তার শাস্তির মেয়াদ কমাবে।’ এর আগে সুয়ারেজ চিয়েলিনি এবং পুরো ফুটবল বিশ্বের কাছে ক্ষমা চায়। সুয়ারেজ বলেন, ‘যা ঘটেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি চিয়েলিনি এবং পুরো ফুটবল বিশ্বের কাছে ক্ষমা চাই। আমি জনগণকে কথা দিচ্ছি ভবিষ্যতে আমার দ্বারা আর কখনো এমন ঘটনা ঘটবে না।’ নকআউট পর্বে গ্রিসের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় উরুগুয়ে। অপরদিকে ইতালি বিদায় নেয় গ্রুপ পর্ব থেকেই। —বাসস/এএফপি/পিটিআই