সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত কাল

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৪১
ক্যারিবীয় ক্রিকেট লিগে (সিপিএল) খেলার অনুমতি না পেয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের হয়ে আর খেলবেন না বলে যে হুমকি দিয়েছেন তা সহজভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ জন্য তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামীকাল সোমবার বোর্ড মিটিং ডেকেছে বিসিবি। বৈঠকে সাকিবের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। তবে তার আগে সভাপতি নিজে সাকিবের সাথে কথা বলে নেবেন। এছাড়াও কোচ চান্দিকা হাথুরাসিংহের বক্তব্যও নেবে বোর্ড। সব মিলিয়েই সিদ্ধান্ত হবে বোর্ডসভায়। তবে এ দফায় সাকিবের ব্যাপারে বিসিবি কঠোর অবস্থান নেবে বলেই আভাস মিলেছে। তাছাড়া ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের সময় সাকিবের দর্শকের সাথে ঝামেলা জড়ানো নিয়েও মিটিংয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি পাপন গতকাল গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের বলেন,‘আমরা সাকিবের জন্য এত কিছু করলাম। অথচ সে এখন দেশের হয়ে খেলতে অনীহা প্রকাশ করছে। তার কাছে দেশের হয়ে খেলার পরিবর্তে আইপিএল এবং ক্যারিবিয়ান ক্রিকেট লিগই গুরুত্বপূর্ণ হয়ে গেলো। দেশের জন্য না খেলে বিদেশে প্রিমিয়ার লিগ খেলাটা ওর কাছে প্রাধ্যান্য পেয়ে থাকলে তাহলে তো আমাদেরও কিছু করতে হবে। এদের জন্য পয়সা খরচ করে বিদেশি কোচ নিয়ে এলাম। এই সব খেলোয়াড়কে আদৌ আমাদের কোচিং দেয়া ঠিক হবে কি?’ সাকিবের সিপিএল খেলার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে পাপন বলেন, ‘সিপিএল খেলার সম্ভাবনা আছে, নাই যে তা না। ৭ জুলাই বোর্ড মিটিংয়ের আগে কোন কিছু বলা ঠিক হবে না। বোর্ড আছে, বোর্ডের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে। তাকে সুযোগ দেয়া হবে কি, হবে না।’ তিনি আরো বলেন,‘জাতীয় দলের এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ রওনা দেয়ার আগে ক্রিকেট বোর্ড থেকে অনুমতি নেননি। তাই ক্রিকেট অপারেশন্স কমিটি সাকিবকে ফিরে আসতে বলে। সাকিবের অবশ্যই বুঝা উচিত ছিল এনওসি (অনাপত্তি পত্র) না নিয়ে গেলে ওখানে গিয়ে কোন লাভ নেই। এছাড়া হাথুরুসিংহের একটা মেইল আমাদের কাছে এসেছে। যেটা দেখে আমরা ৭ জুলাই বোর্ড মিটিং ডেকেছি।’ ক্ষিপ্ত সাকিব বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট এবং ওয়ানডে না খেলার হুমকি দিয়েছেন। কয়েকটি গণমাধ্যমের কাছে এই ব্যাপারে আভাস দিয়েছেন তিনি। সাকিব কি তাহলে বোর্ডকে চাপে রাখতে চাইছেন? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘হতে পারে। আসলে এর আগে এমন অনেক হয়েছে। কিন্তু ওদেরতো অবশ্যই এটা বোঝা উচিত এখন বোর্ডকে চাপ দেয়ার মতো অবস্থা নেই। এর আগে ওকে তিন ম্যাচ নিষিদ্ধ করলাম। অনেকের তরফ থেকেই অনুরোধ এসেছিল এক ম্যাচ কমিয়ে দেয়ার জন্য। তারপরও করিনি। আমরা ছাড় দেইনি। ও আমাদের সেরা খেলোয়াড়, ওর কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করিনি। ভবিষ্যতে যে ক্রিকেটারগুলো আসছে তাদের জন্যও এটা কিন্তু খুব খারাপ রেকর্ড রেখে যাচ্ছে।’ পুরো ব্যাপারটায় হতাশা ব্যক্ত করে বিসিবি সভাপতি বলেন,‘আমার তো বিশ্বাসই হয় না- এই ধরনের একজন খেলোয়াড় এটা করতে পারে। সাকিব বলেছে, ড্রেসিং রুম থেকে বের হতে হলে যে অনুমতি লাগে সেটা নাকি সে জানে না। এগুলো শুনলে দুঃখ লাগে। আসলে সে কোন কেয়ার করে না। আসলে সমস্যা কোথায় সেটা আমরা বের করে সমাধান করব।’