বাড্ডায় পত্রিকা হকারকে হত্যার হুমকি

আপডেট : ০৫ জুলাই ২০১৪, ২১:৫৭
রাজধানীর মধ্য বাড্ডায় ফখরুল ইসলাম নামে পত্রিকার এক হকারকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। কি কারণে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে সে ব্যাপারেও তিনি কিছু জানেন না। এই ঘটনায় বাড্ডা থানায় তিনি সাধারণ ডায়েরি করেছেন। ফখরুল পরিবার নিয়ে মধ্যবাড্ডা এলাকায় বসবাস করেন বলে জিডিতে উল্লেখ করেছেন। সাধারণ ডায়েরিতে ফখরুল অভিযোগ করেন, তিনি মধ্যবাড্ডা এলাকায় পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। গত কয়েকদিন যাবত্ একটি রবি মোবাইল নাম্বার থেকে তাকে বারবার ফোন করে হত্যার হুমকি দেয়া হচ্ছে। ফোনকারী ব্যক্তি কোন কিছু না বলেই অশালীনভাবে গালিগালাজ করেন। এমন অবস্থায় তিনি পরিবার নিয়ে ভয় ও আতঙ্কের মধ্যে দিন পার করছেন। বাড্ডা থানার জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই বজলুর রহমান ইত্তেফাককে বলেন, জিডির কপি তিনি হাতে পাননি। পেলে ব্যবস্থা নেবেন। গত ১ জুলাই থানায় জিডি হলেও এতোদিনে কেন পৌঁছেনি জবাবে তিনি বলেন, কিছু আইনগত প্রক্রিয়া শেষ করে কপি তার হাতে আসবে। এ জন্য কিছুটা সময় লাগছে।