রাজধানীর বনানীর এফআর টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। মামলাটির প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুলাই দিন ঠিক করেছেন আদালত।
আজ বুধবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ধার্য করেন।
এদিন ভবনটির বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ইসলাম এবং ভবনের জমির মালিক প্রকৌশলী এস এম এইচ আই ফারুক আদালতে হাজিরা দেন।মামলাটিতে গত ১১ এপ্রিল তাসভিরুল ইসলাম এবং ৬ মে এস এম এইচ আই ফারুক জামিন পান।
আরও পড়ুন: খালেদা জিয়াকে জেল কোড মেনে ইফতারি দেয়া হচ্ছে: কাদের
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের পাশের ১৭ নম্বর সড়কে ফারুক রূপায়ন (এফআর) টাওয়ারে আগুনের ঘটনায় ঘটনাস্থলে ২৫ জন ও হাসপাতালে একজন নিহত হন। ওই ঘটনায় আহত হন ৭৩ জন। এ ছাড়া, ওই ঘটনায় আহত হয়ে ফ্যায়ারম্যান সোহেল রানাও মারা যান। ওই ঘটনায় বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত গত ৩০ মার্চ বাদী হয়ে মামলাটি করেন।
ইত্তেফাক/কেকে

