ডিজিটাল পদ্ধতি হলো সহজলভ্য পাইরেসি

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২০:২৫
বরারবরই সব বিষয়ে স্পষ্টবাদী আসিফ। বিনোদন প্রতিদিনকে বললেন তেমনই কিছু কথা। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু ঈদকে কেন্দ্র করে আপনার বর্তমান ব্যস্ততা কেমন? এবার ঈদে আমার ও ডলি সায়ন্তনীর একটি অ্যালবাম আসবে। সেটি নিয়েই এখনকার ব্যস্ততা। এছাড়া এনটিভি, বাংলাভিশনসহ আরও কয়েকটি টিভি চ্যানেলে ঈদের বিশেষ প্রোগ্রাম থাকবে। আসলে ঈদ মানে তো আনন্দ, তাই কাজের মাধ্যমেই দর্শক-শ্রোতাদের সাথে এই আনন্দটা ভাগাভাগি করার সুযোগ থাকে। এটি আমার কাছে অন্যরকম এক ভালোলাগা। প্লে-ব্যাক কী কী করছেন? প্লে-ব্যাক তো নিয়মিতই করছি। শাকিবের নতুন ছবিতে গান করলাম। এছাড়া শাহীন কবির টুটুলের ‘গোল্লাছুট’ ছবিতে চিরকুটের সাথে গান করেছি। আরও অনেক গানই করছি। কিন্তু নাম বলা মুশকিল। কারণ ছবির নাম শেষ পর্যন্ত এক থাকে না। এক নাম বললে ছবি মুক্তির সময় আরেক নাম হয়ে যায়। গানের জগত্ থেকে মাঝে অনেক দিন বিরত ছিলেন, সামনে এই ঘটনা পুনরাবৃত্তি হওয়ার সুযোগ আছে? সেই গ্যারেন্টি দিতে পারছি না। কারণ আমার মনের বিরুদ্ধে কিছুই করি না। তখন ইচ্ছা হয়নি কাজ করার তাই করিনি। আর যখন মনে হলো আবারও শুরু করব তখনই ফিরে এলাম। তবে বিরতিতে যাওয়ার পর অনেক ভক্তদের কাছ থেকে অভিমানী বাণী শুনতে হয়েছিল। তাদের দাবিকে আমি শ্রদ্ধা করি। কারণ তাদের ভালোবাসার কারণেই আজ আমি এখানে। তবে এর পুনরাবৃত্তি ঘটবে কি না সেই চুক্তিতে যেতে চাচ্ছি না। মনের বিরুদ্ধে কোনো কাজই আমার ভালো হয় না। আপনার শুরুটা ছিল অডিও বাজারের রমরমা অবস্থায়, সেই পরিবেশটা তো এখনকার তরুণ শিল্পীরা পাচ্ছে না, কী বলবেন? যুগের পরিবর্তনে তো খারাপ-ভালোরও পরিবর্তন হবে। আমার শুরুর সময় যেমন ছিল অ্যালবাম, এখনকার সময় আছে অনলাইন। ডিজিটাল পদ্ধতি হলো সহজলভ্য পাইরেসি। অ্যালবামের বিকল্প এখন সবাই বেছে নিয়েছে অনলাইনে গান সেল। আর টেলিকম কোম্পানিগুলোর ওয়েলকাম টিউন খুব ভালো ভূমিকা পালন করছে।