ক্লোজআপ তারকা কিশোরের সুর-সংগীতে প্রথম মিশ্র অ্যালবাম ‘ধুলোর গান’। যার সবগুলো গান লিখেছেন মাহমুদ মানজুর। নয়টি ভিন্ন স্বাদের গানের এই অ্যালবামে কিশোর ছাড়াও কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, ইমরান, সাব্বির, পারভেজ, পুলক, প্রীতম আহমেদ, ব্রিহান এবং জয় শাহরিয়ার। সিডি চয়েসের ব্যানারে অ্যালবামটি প্রকাশ পাচ্ছে আসছে ঈদ উত্সবে। প্রথম মিশ্র অ্যালবাম প্রসঙ্গে কিশোর বলেন, ‘শেষ তিন মাস ধরে মূলত এই গানগুলোই করছি। সঙ্গে ছিলেন গীতিকবি মাহমুদ মানজুর। মূলত আমাদের দুজনের কিছু ভালোলাগার কথা-সুরের মেলবন্ধন ঘটেছে ‘ধুলোর গান’-এ। ফলে এই গানগুলোতে বাজার কাটতি ধারার তেমন কোনো প্রবণতা স্থান পায়নি সচেতনভাবেই। আমরা চেষ্টা করেছি মেলো রক ধারার একটু ভিন্ন কিছু করতে।’ কিশোর আরও বলেন, ‘এখন তো একক অ্যালবামেও একাধিক ডুয়েট গান শোভা পায়। কারণ ডুয়েট ছাড়া নাকি শ্রোতারা গানই শুনেতে চান না! এমন প্রচলিত ধারনার বাইরে দাঁড়াতে চেয়েছি ডুয়েট গানহীন ‘ধুলোর গান’ দিয়ে। এর জন্য আমি ধন্যবাদ জানাই সহযোদ্ধা শিল্পীদের। কৃতজ্ঞতা মাহমুদ মানজুর ভাইয়ের প্রতি। আশা করছি এই অ্যালবামটি মিক্সড অ্যালবামের পুরোনো ঐতিহ্যে ফিরিয়ে নেবে শ্রোতাদের। এদিকে ‘ধুলোর গান’-এ স্থান পাওয়া গানগুলোর শিরোনাম এমন, শেকল, যেখানেই তুমি, সয় না, তুমি ভেবেছিলে, ভাসা ভাসা ঝাপসা, আর কত, তোমার নামে, সুপ্রিয় সীমানা প্রভৃতি। উল্লেখ্য, কিশোরের সংগীতায়োজনে সর্বশেষ অ্যালবাম ছিল কুমার বিশ্বজিতের একক অ্যালবাম ‘প্রিয় অনুভব’।
