টরন্টোর মূলধারার জনপ্রিয় আয়োজন টরন্টো ফ্রিঞ্জ থিয়েটার ফেস্টিভ্যালে এবারও অংশ নিচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত বহুমুখি প্রতিভাময়ী শিল্পী নির্ঝুম। ট্রিস্টিয়ান রিভ রচিত ‘ড্রিমস অব সামার এন্ড’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং কণ্ঠশিল্পী নির্ঝুম বাংলাদেশি কমিউনিটি ছাড়িয়ে এর আগেও কানাডার মূলধারার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
গত ২ জুলাই থেকে শুরু হয়েছে টরন্টো ফ্রিঞ্জ থিয়েটার ফেস্টিভ্যাল। চলবে ১৩ জুলাই পর্যন্ত। শহরের ২৭টি ভ্যানুতে প্রায় ১৫০টি নাটক পরিবেশিত হচ্ছে।
উল্লেখ্য, টরন্টো ভার্সিটি থেকে ফিলোসফি এবং মিউজিকে অনার্সসহ গ্র্যাজুয়েশন করা নির্ঝুম ইতোমধ্যে বার্চমাউন্ড পার্ক কলেজিয়েট স্কুলে মিউজিক অ্যাওয়ার্ড, কানাডা গভর্নমেন্ট ভলন্তিয়ারিং অ্যাওয়ার্ড, এবং ২০০৫-এ ফোবানা কম্পিটিশনে মিস ফুবানা টাইটেল অর্জন করে। নির্ঝুম আবার মিস ওয়ার্ল্ড কানাডা ২০১২-এর প্যাজেন্ত কম্পিটিশনে অংশ নিয়ে ভরত নাট্যম নৃত্য প্রদর্শন করে টপ ট্যালেন্টেড অ্যাওয়ার্ড নিয়ে টপ টেন হন।
