‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রে কবির বকুলের কথায় কৌশিক তাপসের সুর-সংগীতে চন্দন সিনহার ‘আমি নিঃস্ব হয়ে যাবো’ গানটিই ছিল গেল বছরের সবচেয়ে জনপ্রিয় গান। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা ছবির দ্বিতীয় সিক্যুয়েলেও রাখা হবে বলে জানা যায়। ছবিটির দ্বিতীয় সিক্যুয়েল নির্মাণে এরই ভেতরে পাত্র-পাত্রীর নাম ঘোষণা করা হয়েছে। শাকিব খান-জয়া আহসানকে নিয়ে তৈরি এই ছবির কাস্টিং ঘোষণা করা হয়েছে, খুব শিগগিরই ছবিটির কাজও শুরু হবে।
নতুন গানের কাজ প্রসঙ্গে চন্দন সিনহা বলেন, ‘গানের ক্ষেত্রে আমার কোনো তাড়াহুড়ো নেই। এ কারণে একই ভাবে আমি দর্শক-শ্রোতাদের ভালোবাসা পেয়ে গেছি। এভাবেই বাকি জীবনটাও কাটাতে চাই। অনেকেই অনেকভাবে বলেছে আমি আমার কাজের পূর্ণ স্বীকৃতি পাইনি। আমি বলেছি দর্শক-শ্রোতার ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার। তাপসের সুরে এর আগেও বিচ্ছিন্নভাবে কাজ করা হয়েছে। ওর সাথে বরাবরই আমার দারুণ এক রসায়ন ঘটে। তাই আবারও একসাথে কাজ করার পরিকল্পনা নিয়েছি।’
