শেয়ারবাজারের লেনদেন কমতে কমতে ২১৫ কোটি টাকায় নেমে এসেছে। এ লেনদেন গত ২৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের কার্যদিবসের চেয়ে প্রায় ১৮ শতাংশ কমেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে লেনদেন কমে যাওয়ায় চিন্তা বাড়ছে। বাজারে ওঠানামা থাকলেও লেনদেন এতো কমে যাওয়া মোটেও ইতিবাচক নয়।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪১১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৬১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৫ কোটি ১৯ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৪৬ কোটি ৬৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৬টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের।
এদিকে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ নেই বলে জানিয়েছে বিডি থাই এলুমিনিয়াম ও শাইনপুকুর সিরামিকস কর্তৃপক্ষ। শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কোনো কারণ রয়েছে কিনা তা জানতে ডিএসইর পক্ষ থেকে পাঠানো নোটিসের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ জুন বিডি থাইয়ের শেয়ার দর ছিল ২১ টাকা। ৭ কার্যদিবস পর তা ২৮ টাকায় উঠে যায়। অর্থাত্ এ সময়ে শেয়ারটির দর বেড়েছে প্রায় ২৯ শতাংশ। এজন্য কোম্পানির দর বৃদ্ধির কারণ জানতে চায় ডিএসই। এছাড়া গত এক মাসে শাইনপুকুর সিরামিকসের শেয়ার দর বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
