পঞ্চগড়ে ফরমালিন আতংকে আমের বাজারে ধস

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৪২
ফরমালিন আতংকে পড়েছে পঞ্চগড়ের মানুষরাও। এই আতংকে অনেক মানুষ বাজার থেকে মৌসুমী ফল কিনছেন না। বাজারে ফলের প্রচুর সরবরাহ থাকলেও বাজার প্রায় ক্রেতাশূন্য। পঞ্চগড় জেলা শহরের কদমতলায় আমের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বিক্রেতারা হরেক রকমের আমের পসরা সাজিয়ে বসে আছে। কিন্তু ক্রেতার সংখ্যা খুব কম। আর যারা আসছেন তারা দাম শুনে চলে যাচ্ছেন। বিক্রেতারা জানান, এ সময়টাতে প্রচুর আম বিক্রয় হয়। বিশেষ করে সূর্যাপুরি জাতের আম সরবরাহ করতে আমরা হিমশিম খাই। গত বছরের এই দিনে প্রতিকেজি সূর্যাপুরি আম বিক্রয় হয়েছে ৭০-৮০ টাকা কেজি দরে। এবার সাইজভেদে এই আম ৪০-৫০ টাকা দরে বিক্রয় করছি। এ ছাড়া হাড়িভাংগা প্রতিকেজি ৭০ টাকা, ল্যাংড়া ৫০-৬০ টাকা, গোপালভোগ ৫০-৬০ দরে বিক্রয় হচ্ছে। তারপর ও আশানুরূপ হারে বিক্রয় হচ্ছে না। শুধু আম নয়, মৌসুমী সকল ফলে অবস্থা একই রকম। কাঁঠাল, জাম, লটকন, আনারস, জাম্বুরা, জামরুলসহ বিভিন্ন ফলের সরবরাহ স্বাভাবিক থাকলেও ক্রেতার সংখ্যা কম থাকায় দাম নেমে এসেছে অর্ধেকে। মৌসুমী ফল কেনার জন্য বাইরে থেকে খুব কমসংখ্যক ব্যবসায়ী পঞ্চগড়ে আসছেন।