বিবিয়ানা দক্ষিণ ৪শ’ মেগাওয়াট বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ প্রস্তাব অনুমোদন

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৫১
বিবিয়ানা দক্ষিণ ৪শ’ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টসহ ৫টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রবিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এ বিদ্যুত্ কেন্দ্র নির্মাণে মোট ব্যয় হবে ২ হাজার ২৩৯ কোটি ১৪ লাখ ২৫ হাজার টাকা। যৌথভাবে এটি নির্মাণের কাজ পেয়েছে স্পেনের প্রতিষ্ঠান আইসোলাক্স ইঞ্জিনিরিয়া এবং স্যামসাং সি অ্যান্ড টি কর্পোরেশন। এছাড়া ঘোড়াশাল বিদ্যুত্ কেন্দ্রের ৫নং ইউনিটের ওভারহলিং কাজের একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। রাশিয়ান প্রতিষ্ঠান মেসার্স কনসোর্টিয়াম অব ইন্টার রাও ইঞ্জিনিয়ারিং এবং ইউক্রেনিয়ান প্রতিষ্ঠান এলএলসি কারকোভেনরগোরমন্ড যৌথভাবে এ কাজটি পেয়েছে। এতে ব্যয় হবে ২৩৪ কোটি ৭১ লাখ টাকা। ক্রয় কমিটিতে অনুমোদিত অন্য তিনটি প্রস্তাবের মধ্যে রয়েছে-জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্রেদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্ট:অন-লাইন ফিলিং অ্যান্ড ডিজিটালাইজেশন অব ট্যাক্স রিটার্ন অ্যান্ড এস্টাবলিশমেন্ট অব ট্যাক্সপেয়ার্স ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার’ শীর্ষক প্রকল্প, বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জরুরী ভিত্তিতে পুনরুদ্ধার ও পুনর্বাসন প্রকল্পের (প্যাকেজ নং বিডব্লিউডি/সি২/এস-১) ভেরিয়েশনজনিত মূল্য বৃদ্ধির প্রস্তাব অনুমোদন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ইকোনমিক জোনের ক্যাপাসিটি বিল্ডিং ও ফ্যাসিলিটি বাড়ানো শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।