বিজ্ঞানের মজার পাঠশালা বইয়ের মোড়ক উন্মোচন

আপডেট : ০৬ জুলাই ২০১৪, ২১:৫২
শনিবার রাজধানী পান্থপথে শেলটেক লাউঞ্জ-এ ‘বিজ্ঞানের মজার পাঠশালা’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক দুই উপদেষ্টা ড. জামিলুর রেজা চৌধুরী, রাশেদা কে. চৌধুরীসহ বিজ্ঞানী ড. মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম. সেরাজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন শেলটেক গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ। বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক ড. জেবা আই. সেরাজ। উল্লেখ্য, দেশের সুবিধাবঞ্চিত অনেক শিশু-কিশোর ভালো স্কুলে পড়াশোনা করার সুযোগ থেকে বঞ্চিত। স্কুলের বাইরে শিক্ষক রেখে পড়াশোনা করার মতো সামর্থ্যও তাদের নেই। সর্বোপরি দেশি-বিদেশি আর্কষণীয় কোন বই পড়ে মেধা বিকাশের সুযোগ তারা পাচ্ছে না। এই সকল কোমলমতি ছাত্র-ছাত্রীদের কাছে বিজ্ঞান বিষয়টি দুরূহ এবং আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। ছাত্র-ছাত্রীর এই বিজ্ঞান ভীতিকে বিজ্ঞান প্রীতিতে পরিণত করার জন্যই বইটির প্রকাশ। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পাঠ্য বইটি ছবি ও এক্সপেরিমেন্ট সহকারে আরো সহজ ও সাবলীল করে শিশুতোষ উপযোগী করা হয়েছে। বইটি নির্মাতা প্রতিষ্ঠান শেলটেক ও সেরাজ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রকাশিত হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি