রাজধানীর পল্লবী এলাকায় একটি একতলা ভবনের ছাদ থেকে গতকাল পুলিশ সোহেল বিহারী (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে। অপরদিকে বনানীর লেক থেকে উদ্ধার করা হয়েছে নারীর পোশাক পরিহিত এক অজ্ঞাত পরিচয় পুরুষের লাশ। ময়না তদন্তের জন্য উভয় লাশ পাঠানো হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে।
পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান বলেন, রবিবার সকালে পল্লবীর নির্মাণাধীন সিটি করপোরেশন মার্কেটের সামনে একতলা ভবনের ছাদ থেকে সোহেলের লাশ উদ্ধার করা হয়।
ঘটনা সম্পর্কে তিনি বলেন, শনিবার দিবাগত রাতে সোহেল ও তার দুই বন্ধু পাশের ৫ তলা ভবনের ছাদে আড্ডা দিচ্ছিল। এসময় তারা তিন জনে মিলে গাঁজা সেবন করে। এ সময় অন্যরা তাকে ধাক্কা মেরে ফেলে দিলে সোহেল একতলা ভবনের ছাদে পড়ে ঘটনাস্থলে মারা যায়। জড়িত থাকার অভিযোগে চুন্নু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। নিহত সোহেল বেকার ও ভবঘুরে জীবনযাপন করতো। থানায় মামলা হয়েছে।
বনানী থানা পুলিশ জানায়, সকালে বনানী লেক থেকে উদ্ধার করা হয় নারীর পোশাক পরিহিত অজ্ঞাত পরিচয় এক পুরুষের অর্ধগলিত লাশ। তবে কীভাবে তার মৃত্যু হয় তা পুলিশ জানাতে পারেনি। মেয়েদের পোশাক থাকায় প্রাথমিকভাবে পুলিশ নারী হিসেবে ধারণা করেছিল। লাশের পরনে ছিলো একটি হলুদ-নীল রংয়ের সালোয়ার, হলুদ রংয়ের কামিজ। উদ্ধারের সময় লাশের অন্তর্বাসের ভেতরে কাপড়ের টুকরো দিয়ে ভর্তি করা ছিলো। চিকিত্সকের তথ্যানুয়ারী লাশটি একজন পুরুষের। ধারণা করা হচ্ছে, মেয়েদের পোশাক পরে ঐ ব্যক্তি অপরাধ সংঘটন করতো।
