এবার ঈদের ব্যস্ততা কী নিয়ে?
এবার ঈদে খুব একটা ব্যস্ততা নেই। কারণ এই ঈদে দেশের বাইরে থাকছি। তবে আমার ‘আর তোমাকে’ গানের মিউজিক ভিডিও করছি। ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান। তাছাড়া কয়েকটি চ্যানেলে ঈদ স্পেশাল প্রোগ্রাম করছি। তবে সবগুলোই রেকর্ডেড। দেশের বাইরের যাওয়ার কারণে এবার লাইভ থাকতে পারছি না। পরের ঈদে ইনশাল্লাহ সবকিছুই ঠিক থাকবে।
ব্যান্ড ও আপনার একক অ্যালবামের কাজ শ্রোতারা কবে পাবেন?
ব্যান্ডের অ্যালবাম ইচ্ছা থাকলেও কাজ এগিয়ে নেওয়া যাচ্ছে না। সবার ব্যস্ততার কারণে ব্যাটে-বলে মিলছে না। তবে ইচ্ছা আছে খুব সবাই একসাথে সময় পেলেই কাজে হাত দিব। আর আমার একক অ্যালবামের কাজ শুরু করে দিয়েছি। এখন প্রাথমিক পর্যায়ের গান লেখার কাজ চলছে। এরপর কম্পোজিশনের কাজ শুরু করব। তবে এর মাঝে একটি মিক্সড অ্যালবামের কাজ করব। প্রিন্স মাহমুদের আয়োজনে মিক্সড অ্যালবামটিতে আমার একটি গান থাকবে।
আমাদের অ্যালবাম প্রথা তো দিন দিন কমে যাচ্ছে। এর আগামী কেমন দেখছেন?
আসলে পাইরেসি তো আমাদের অ্যালবামের দিকে ঝোঁক কমিয়ে দিয়েছে। একজন যখন ঘরে বসে ডাউনলোড দিয়েই গান পেয়ে যায় তাহলে কে আর কষ্ট করে অ্যালবাম কিনতে সিডির দোকানে যাবে! আমাদের নৈতিকতার জায়গাটা সেই জায়গাতে নেই। তবে বিকল্প তো থাকবেই। আমাদের ডিজিটাল পদ্ধতিগুলো বেশ সহযোগী। তাছাড়া এখন তো অনেকে অ্যালবাম করছেনই না। সিঙ্গেল কয়েকটি গান করে টেলিকম কোম্পানির মাধ্যমে বাজার ধরছেন। ভবিষ্যতে দোকানে গিয়ে আর কেউ সিডি কিনবেই না। সবাই তখন ভার্চুয়াল হয়ে যাবেন। তবে আমি মনে করি কোনো শিল্পকে বিস্তৃত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। সেই জায়গা থেকে সরকারে এগিয়ে আসা উচিত্। এ ছাড়া মিউজিক ভিডিও একটা বিকল্প।
সাক্ষাত্কার :মোস্তাফিজ মিঠু
