কেনিয়ার সমুদ্রসৈকতের কাছাকাছি দুটি এলাকায় বন্দুকধারীদের আলাদা দুটি হামলায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ও রাতে এসব হামলা চালানো হয় বলে রবিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
লামু কাউন্ট্রির হিন্দি ট্রেডিং সেন্টারে হামলায় চারজন নিহত হন। গতমাসে একই এলাকায় অপর একটি হামলায় ৬৫ জন নিহত হয়েছিলেন, ট্যুইটারে জানিয়েছে রেডক্রস।
কর্মকর্তারা জানিয়েছেন, লামু শহর থেকে ১৫ কিলোমিটার দূরের হিন্দিতে রাত ১০টার দিকে হামলাটি চালানো হয়। হামলায় ১০ থেকে ১৫ জন বন্দুকধারী অংশ নেয়। অপরদিকে তানা রিভার কাউন্ট্রির গাম্বা এলাকায় বন্দুকধারীদের অপর এক হামলায় নয়জন নিহত হন। এলাকা প্রধান আবদাল্লাহ শাহাসি বলেছেন, “হামলাকারীরা গ্রাম ও গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে।” লামু কাউন্ট্রির কমিশনার মিরি নিজেনগা জানিয়েছেন, হামলার লক্ষ্যস্থল কয়েকটি সরকারি দপ্তর ও কিছু বাড়ি পুড়িয়ে দিয়েছে বন্দুকধারীরা।
গত সেপ্টেম্বরে কেনিয়ার রাজধানী নাইরোবির একটি অভিজাত শপিং মলে আল শাবাবের হামলায় ৬৭ জন নিহত হয়েছিলেন।
