এবারের বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ঘটনার নায়ক লুইস সুয়ারেজকে নিয়ে এখনো আলোচনা চলছেই। নতুন করে তাকে নিয়ে দারুণ এক মন্তব্য করেছেন বার্সেলোনা সাবেক তারকা ফরোয়ার্ড হ্রিস্টো স্টোইচকভ। তিনি বলেছেন, সুয়ারেজের কামড় দেবার ঘটনাটি কারোরই ভুল যাওয়া উচিত নয়। তার কারণে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাব বার্সেলোনা ও তার খেলোয়াড়রা সমস্যায় পড়তে পারে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখানোর পরে তাকে নিয়ে ইতোমধ্যেই কাতালানরা জোরালো আগ্রহ দেখানো শুরু করেছে। কিন্তু বাজে মেজাজের জন্য পরিচিত স্টোইচকভ এই সম্পর্কে সুয়ারেজকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘কামড়ে দেবার ঘটনাটি সত্যিকার অর্থেই তার জন্য সমস্যার সৃষ্টি করেছে। কারণ এখন সে সারাজীবনের জন্য প্রতিপক্ষের টার্গেটে পরিণত হয়ে গেল। আর এটাই বার্সেলোনার জন্য সমস্যা হয়ে আসবে। এখন থেকে সব প্রতিপক্ষ, রেফারী এবং গণমাধ্যম তার জীবনকে কঠিন করে তুলবে। আর এ কারণে সে সারাক্ষণই টেনশনের মধ্যে থাকবে যা তার খেলায় প্রভাব ফেলবে। প্রতিপক্ষ দলগুলোও চাইবে তাকে রাগান্বিত করে তুলতে, যাতে করে সে এই ধরনের আরেকটি ঘটনার জন্ম দেয়।
