মির্জাপুরে অনলাইনে ভর্তি আবেদনে বিড়ম্বনা

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২১:৪৬
উচ্চশিক্ষার জন্য অনলাইনে কলেজে ভর্তির আবেদন করে বিড়ম্বনার শিকার হচ্ছে প্রায় দুই হাজার শিক্ষার্থী। আসন সংকটের কারণে এই দুই হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার জন্য কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল রবিবার বিভিন্ন কলেজে গিয়ে জানা গেছে, উচ্চ মাধ্যমিকে ভর্তি সহজ করার জন্য শিক্ষা বোর্ড অনলাইনে ভর্তির আবেদন পদ্ধতি চালু করেছে। মির্জাপুর উপজেলার মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজ, নতুন কহেলা কলেজ, বাঁশতৈল মোঃ খলিলুর রহমান ডিগ্রি কলেজ, রাজাবাড়ি কলেজ এবং সাটিয়াচড়া ছাফদার আলী কলেজ থেকে প্রায় চার হাজার ছাত্র-ছাত্রী অনলাইনে ভর্তির জন্য আবেদন করে। কিন্তু শিক্ষা বোর্ড নির্ধারিত কিছু আসন দিয়ে তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দেখা গেছে নির্ধারিত আসনের চেয়ে অতিরিক্ত আবেদন পড়ায় ছাত্র-ছাত্রীরা ভর্তির সুযোগ পাচ্ছে না বলে শিক্ষকরা জানিয়েছে। মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ বাবর বলেন, তার কলেজে বিজ্ঞানে আসন রয়েছে ২০০, মানবিকে আসন রয়েছে ৫০০ এবং ব্যবসা শাখায় আসন রয়েছে ৪৫০। অনলাইনে আবেদনের তালিকায় শিক্ষা বোর্ড ফলাফল প্রকাশ করেছে বিজ্ঞানে ৩৯৮, মানবিকে ৬৭০ এবং ব্যবসায় ৬৪৮ জনের। অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে ৫৬৬ জনের তালিকা। কিন্তু এই কলেজে আসন না থাকায় এই ৫৬৬ জন ছাত্র-ছাত্রী ভর্তির কোন সুযোগ পাচ্ছে না।