দক্ষিণ আফ্রিকায় ২০১০ বিশ্বকাপের পর ব্রাজিল এ পর্যন্ত ৬০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এর মধ্যে ছয়টিতে ছিলেন না নেইমার। ৫৪টি ম্যাচ খেলেছেন নেইমার। ব্রাজিল ম্যাচ জিতেছে ৩৬টি, ১২টি ড্র হয়েছে আর ছয়টিতে হেরেছে।
নেইমার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে ৮৬ মিনিটে পিঠে আঘাত পেয়ে মাঠ ছাড়েন। মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গেছে। জানা গেছে- দেড় মাসের আগে তিনি মাঠে নামতে পারবেন না। বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ব্রাজিলকে আর কেবল দুইটি ম্যাচ খেলতে হবে।
আজ জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালের জন্য রিজার্ভ বেঞ্চের ফুটলার উইলিয়ান, রামোরিস, বার্নার্ড এবং হারনানেসের মধ্যে যে কাউকে দিয়ে নেইমারের জায়গা পূরণ করতে চান কোচ লুইস ফিলিপ স্কোলারি। নেইমারের দায়িত্বটা কার হাতে তুলে দেয়া যায় সেজন্য রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের পরীক্ষা নিচ্ছেন স্কোলারি। অনুশীলন মাঠে ব্রাজিল সাইড বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলেছে। সেখানে তিন গোল করেছেন উইলিয়ান, রামোরিস এবং বার্নার্ড। খুশি হয়েছেন স্কোলারি। তবে জানা গেছে- নেইমারের বদলে ডিফেন্সিভ মিডফিল্ডার উইলিয়ানকে দায়িত্ব দেবেন কোচ। এজন্য তাকে অনুশীলনও করিয়েছেন। নিয়মিত একাদশের খেলোয়াড়দের অনুশীলন হয়নি। সবাইকে জিমে পাঠানো হয়েছিল। আর সাইড বেঞ্চের ফুটবলারদের অনুশীলন করানো হয়।
উইলিয়ান অনূর্ধ্ব-২০ যুব দলের খেলোয়াড়। সাইড বেঞ্চে থাকা উইলিয়ানকে চিলির বিরুদ্ধে অতিরিক্ত সময়ে অস্কারের পরিবর্তে মাঠে নামিয়েছিলেন কোচ। সেখানে খারাপ করেননি চেলসির খেলোয়াড়টি। একটা ম্যাচ যেহেতু খেলার অভিজ্ঞতা আছে। তাই সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে উইলিয়ানকে পছন্দ স্কোলারির। ব্রাজিল ফুটবল দল রবিবার বিকালে রিওডি জেনেরিও থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত তাদের বেস ক্যাম্প টেরেসপোলিস থেকে বেলে হরিজোন্তে এসেছে। হেলিকপ্টারে দুই ভাগে ফুটবলাররা এসেছেন।
স্কোলারির খাতায় নেইমারের বদলে তিন জনের মধ্যে এগিয়ে আছেন উইলিয়ান। উইলিয়ান সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি নিজেকে নেইমারের সাথে তুলনা করি না। নেইমার উঁচু মানের খেলোয়াড়। সে একজন স্ট্রাইকারের চেয়েও বেশি কিছু। আমার খেলার ধরনটা অন্য রকম। আমাকে দায়িত্ব দেয়া হলে আমি আমার কাজটা করতে পারবো।’
বার্নাডও প্রস্তত আছেন স্কোলারির ডাকে মাঠে নামতে। দেশের জন্য মাঠে নামতে উদগ্রীব এই ফুটবলার। বার্নাড বলেছেন, ‘নেইমারের মতো বড় তারকার স্থান পূরণ করা সম্ভব না। তবে আমি খেলতে প্রস্তুত আছি। তবে একটা কথা কোনো ফুটবলারই চাইবে না, কেউ চোট পাক এবং সেই সুযোগে আরেকজন মাঠে নামার সুযোগ পাক।’
আক্রমণভাগে নেইমার নেই। আর হলুদ কার্ডের কারণে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে নামতে পারছেন না ডিফেন্ডার অধিনায়ক থিয়েগো সিলভা। এই ডিফেন্ডারকে মাঠে নামানোর জন্য ব্রাজিল ফুটবল কনফেডারেশন ফিফার কাছে আবেদন করেছে কার্ড তুলে নেয়ার জন্য। ব্রাজিল ফুটবল কর্মকর্তারা যে ফাউলের কারণে থিয়েগো সিলভাকে হলুদ কার্ড দেখানো হয়েছে তার ভিডিও দেখতে ফিফার কাছে অনুরোধ জানিয়েছে। তবে এ আবেদন অগ্রাহ্য হলে থিয়োগো সিলভার বদলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন আরেক ডিফেন্ডার ডেভিড লুইস।
