এবার পারবে জার্মানি?

আপডেট : ০৭ জুলাই ২০১৪, ২২:০৩
ব্রাজিলের বিরুদ্ধে জিতে ফাইনালে যেতে পারলে সেটা হবে দেশটির মাটিতে জার্মানির প্রথম জয়। তাই আজ ফাইনালে যাওয়ার লড়াইয়ে জার্মানদের প্রেরণা যোগাতে পারে এই তথ্যটিও। যদিও সেলেসাওদের বিরুদ্ধে জার্মানদের অতীত রেকর্ড মোটেই তাদের হয়ে কথা বলছে না। টুর্নামেন্টের চলতি আসরে দুটি দলের কোনটিই তাদের সেরা ফর্মে দেখা দিতে না পারলেও বিশ্বকাপ ইতিহাস তাদের ফুটবল সামর্থ্যেরই প্রমাণ দিচ্ছে। একমাত্র দল হিসাবে ব্রাজিল যেখানে টুর্নামেন্টের প্রতিটি আসরেই খেলেছে, সেখানে জার্মানি খেলতে পারেনি ১৯৩০ ও ১৯৫০ আসরে। এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ’৫০ সালে তাদের নিষিদ্ধ করে ফিফা। বাকি আঠারটি আসরের সবচেয়ে সফল দল না হলেও, সবচেয়ে ধারাবাহিক দল বলা চলে জার্মানদের। কারণ এবারেরটি নিয়ে সর্বমোট ১৩ বারের মতো শেষ চারে খেলছে তারা! যা কিনা অন্য যে কোন দলের চাইতে বেশি। সাতটি ফাইনাল খেলে একমাত্র ব্রাজিল বাদে বাকি সবার চাইতে এগিয়ে আছে তারা। আজ জিতলে ব্রাজিলকেও ছাড়িয়ে যাবে জার্মানি। এর বাইরে চারবার তৃতীয় স্থান অধিকার করেছে ফ্রাঞ্চ বেকেনবাওয়ার-জার্ড মুলারের দল। এত গৌরবময় যাদের পরিসংখ্যান, ব্রাজিলের বিরুদ্ধে খেললেই কেমন ম্লান হয়ে যায় তারা। সেলেসাওদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২১ বার মাঠে নেমে মাত্র চারবার জয় পেয়েছে তারা। যেই চারটি জয়ই এসেছে নিজেদের মাটিতে। ব্রাজিলে অথবা নিরপেক্ষ কোন ভেন্যুতে খেলা ম্যাচে পাঁচটি ড্র বাদে সবগুলোতেই হেরে গেছে তারা। ২০১১ সালে আসে তাদের সর্বশেষ জয়টি। যেটি ছিল আঠার বছরে ব্রাজিলের বিরুদ্ধে তাদের প্রথম জয়। সবকিছু মিলে বলা চলে, ব্রাজিলের বিরুদ্ধে আজকের খেলাটি তাদের জন্য কেবল ফাইনালে যাবার লড়াই নয় বরং ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের রেকর্ডকে একটু সমৃদ্ধ করার চেষ্টাও বটে! * ফুটবলের শক্তিশালী এই দুই পরাশক্তি মিলে এ পর্যন্ত আটবার বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপ আসরে দল দু’টি দ্বিতীয়বার এ নিয়ে মুখোমুখি হতে যাচ্ছে। এর আগে ২০০২ সালের আসরে ফাইনালে রোনালদোর জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় ব্রাজিল। * ১০টি গোল করে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত দলীয় সর্বোচ্চ গোলের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। ১২টি গোল করে এই দৌড়ে যৌথভাবে শীর্ষে রয়েছে কলম্বিয়া ও নেদারল্যান্ডস। * এর আগে পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) * এর আগে তিনবার বিশ্বকাপ জিতেছে জার্মানি ( ১৯৫৪, ১৯৭৪ ও ১৯৯০)। * বিশ্বকাপে জার্মানি এ পর্যন্ত রানার্স-আপ হয়েছে চারবার। * বিশ্বকাপে ব্রাজিল রানার্স-আপ হয়েছে দু’বার। * এর আগে দল দু’টি ২১ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিলের জয় ১২টিতে, জার্মানির চারটিতে। ড্র হয়েছে পাঁচটি ম্যাচ।