ব্রাজিলের বিরুদ্ধে আজ ফাইনালে যাওয়ার লড়াইয়ে কোন ফাউল যাতে রেফারির নজর এড়িয়ে না যায় সেজন্য তাকে আরো বেশি মনোযোগী হওয়ার দাবি জানিয়েছেন জার্মানির তারকা খেলোয়াড় বাস্তিয়ান শোয়েনস্টেইগার। দ্বিতীয় রাউন্ডে উরুগুয়ে-ইতালির মধ্যকার খেলায় লুইস সুয়ারেজ ইটালির জিওর্জিও চিয়েলিনিকে কামড়ে দিলেও নজর এড়িয়ে যায় মার্কো রড্রিগেজের। বেলো হরিজান্তোয় অনুষ্ঠেয় আজকের ম্যাচে এই মেক্সিকানই থাকছেন ম্যাচ পরিচালনার দায়িত্বে।
ব্রাজিলের অধিনায়ক থিয়াগো সিলভা দুটি হলুদ কার্ড পাওয়ায় সেমিফাইনালে খেলতে পারবেন না। ইনজুরির কারণে বিশ্বকাপে খেলা হচ্ছে না তারকা খেলোয়াড় নেইমারেরও। সিলভার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে সেলেসাওরা আবেদন জানিয়েছে। শুক্রবার ব্রাজিল-কলম্বিয়ার খেলায় যে ধরনের ফাউলের ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি চান না শোয়েনস্টেইগার। ব্রাজিলের খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্দিষ্ট করে বলতে গেলে কলম্বিয়ার প্লেমেকার জেমস রড্রিগেজ বেশ কয়েকবার বাজে ট্যাকলের স্বীকার হয়েছেন। সেলেসাওরা এদিন ৩১টি ফাউল করলেও স্প্যানিশ রেফারি বাজে ফাউলের জন্য শুধু সিলভা এবং গোলরক্ষক হুলিও সিজারকে হলুদ কার্ড দেখিয়েছেন। আমি ট্যাকল করার পক্ষে তবে সেদিন দুই একটি ট্যাকল সীমা অতিক্রম করে গিয়েছিলো।’ ব্রাজিল তাদের প্রথাগত খেলার স্টাইল ভেঙ্গে এখন অনেকটাই ফল নির্ভর ফুটবল খেলছে জানিয়ে এই বায়ার্ন মিউনিখ তারকা আরো বলেন, ‘ব্রাজিলিয়ানরা কোন যাদুকর নয়। তাদের দল অনেক বদলে গেছে একারণে তাদের খেলার ধরনেও পরিবর্তন এসেছে। কড়া ট্যাকল তাদের খেলার অংশ তাই তাদের এসব ট্যাকল সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। রেফারিকেও সতর্ক থাকতে হবে।’ শোয়েনস্টেইগারের সাথে একমত প্রকাশ করলেন জার্মানির প্রধান কোচ জোয়াকিম লো ও। ব্রাজিল-কলম্বিয়ার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের পুরোটা দেখতে না পারলেও ব্রাজিলিয়ানদের অতিরিক্ত ফাউল প্রবণতা ঠিকই তার নজর কেড়েছে জানিয়ে তিনি বলেন, ‘সেদিন দেশে ফেরার কারণে ব্রাজিল-কলম্বিয়ার খেলার খুব একটা দেখতে পারিনি। তবে সেদিন তারা বেশ কড়া ফাউল করেছে। তবে ব্রাজিলীয়ানরা কৌশলগত কারণে ভালো খেলোয়াড়। কিন্তু তারা শক্তি দিয়ে খেলে থাকে যা রেফারির খেয়াল করা দরকার।’ এএফপি
