চলে গেলেন আর্জেন্টিনার দ্য স্তেফানো

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ১৫:৪৪
তিনি বিশ্বকাপ খেলেননি কখনও। অথচ তিনি ছিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। জীবদ্দশায় কেবল আর্জেন্টিনা, কলম্বিয়া ও স্পেনের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। মৃত্যুর আগ পর্যন্ত স্পেনের রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সভাপতির পদে ছিলেন। তিনি রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো দি স্তেফানো। বিশ্বের কোটি ফুটবল সমর্থকদের হৃদয়জোড়া ভালোবাসায় সিক্ত হয়েছেন আজীবন। ফুটবলই ছিল তার জীবন। আর যখন ফুটবলের মহাআসর চলছে বিশ্বে তখনই তিনি বিদায় নিলেন পৃথিবী থেকে। দুই দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভর্তি হয়েছিলেন মাদ্রিদের গ্রেগরিও মারানন হাসপাতালে। সেখানেই সোমবার শেষ নি:শ্বাস ত্যাগ দ্য স্তেফানো। আর্জেন্টিনায় জন্ম নেয়া এই তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের হয়ে ১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৫৯-৬০ মৌসুম পর্যন্ত টানা পাঁচটি ইউরোপিয়ান (বর্তমানে এটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নামে পরিচিত) কাপ জেতেন। ওই পাঁচটি টুর্নামেন্টের সবকটি ফাইনালেই গোল করেছিলেন স্তেফানো। এছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে আটবার লা লিগা শিরোপা জেতেন তিনি। ১৯৫৭ ও ১৯৫৯ সালে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কারও পান স্তেফানো। ১৯৬৪ সালে রিয়াল মাদ্রিদ ছাড়েন তিনি। রিয়ালের হয়ে ১১ মৌসুমে ৩শ টির বেশি গোল করেছিলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনার হয়ে ছয়টি, কলম্বিয়ার হয়ে চারটি এবং স্পেনের হয়ে ৩১টি ম্যাচ খেলেন দি স্তেফানো।