ডিএসইতে লেনদেন ২১৮ কোটি টাকা

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২০:০১
গতকাল মঙ্গলবার শেয়ার বাজারে সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও তা অনেক কম। গতকাল লেনদেন হয়েছে ২১৮ কোটি টাকা। লেনদেনে সবচেয়ে বেশি অবদান ছিল প্রথম লেনদেন হওয়া ফার কেমিক্যাল ইন্ডাস্টিজের। এদিন ১০ হাজার ৬৫ হাওলায় এ কোম্পানির মোট ৫৪ লাখ ৬৩ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ২৭ কোটি ৬৮ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হওয়ায় ফার কেমিক্যাল টার্নওভার তালিকার প্রথমস্থানে উঠে এসেছে। একইসঙ্গে ৪১৯ শতাংশ বা ৪১.৯ টাকা শেয়ার দর বাড়ার কারণে দর বৃদ্ধির শীর্ষ কোম্পানিতে উঠে এসেছে কোম্পানিটি। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) কিছুটা কমে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২১৮ কোটি ৭৮ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২৭ কোটি ২৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৪৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৩ কোটি ৩০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৮২ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২০০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৭টির কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের। এদিকে চলতি বছরের জুনে ওটিসি (ওভার দ্য কাউন্টার) মার্কেটে ৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৫ হাজার ৬৫০টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৫১০ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়। লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে এক্সেল সু, এপেক্স ওয়েভিং, মুন্নু ফেব্রিক্স, রহমান কেমিক্যাল, আলফা টোব্যাকো, তমিজউদ্দিন টেক্সটাইল, গচিহাটা একুয়াকালচার। এদিকে ওটিসিতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ফেসভ্যালুর নিচে রয়েছে।