ফুটবল নিয়ে বরাবরই আমার আগ্রহটা বেশি। চলচ্চিত্রকুশলীদের যে ক’টি ফুটবল টুর্নামেন্ট হয়েছে সবক’টিতেই আমি সাগ্রহে অংশ নিয়েছি। তবে আমাদের দেশে ফুটবল উন্মাদনা গত ১০ বছর ধরেই স্তিমিত হতে শুরু করেছে। আমার খুব স্বপ্ন একদিন এদেশের দর্শকেরা আবারও ফুটবল খেলা নিয়ে মাতবে। সে কারণে আমি মনে করি আমাদের আরও কার্যকরী ভূমিকা পালন করা উচিত। এছাড়া এই বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়েই ধারাবাহিকভাবে আমাদের ক্যাম্পেইন চালানো উচিত। আজকের সেমিফাইনাল নিয়ে যখন বলছি তখনও ব্রাজিল-জার্মানি ম্যাচের ফলাফল জানি না। তবে স্বপ্নে ফাইনাল হিসেবে ব্রাজিল-আর্জেন্টিনাকেই চাইব। আজকের দ্বিতীয় সেমিফাইনালের আসরে মেসি জ্বলে উঠুক এটুকু প্রত্যাশা থাকবে। পাশাপাশি আমি চাই যে করেই হোক ব্রাজিল-আর্জেন্টিনার এক ঐতিহাসিক ফাইনাল হোক।
