আবারও ইফতারে শাহরুখ-সালমানের কোলাকুলি

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২০:৩৮
এ যেন একই চলচ্চিত্রের রিপিট ট্রান্সমিশন। আবারও ঝগড়া ভুলে ইফতারের ভোজসভায় একে অপরকে আলিঙ্গন করলেন শাহরুখ খান ও সালমান খান। শুভেচ্ছা বিনিময়ও হলো তাদের মধ্যে। শাহরুখ ও সালমানের বন্ধুত্ব ও দূরত্বের অনেক গল্প আছে লোকমুখে। বলিউডের এ দুই সুপারস্টারকে পাশাপাশি খুব একটা দেখা যায় না বললেই চলে। গত বছর মুম্বাইয়ের কংগ্রেস বিধায়ক বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দীর্ঘদিন পর তারা একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করেন। এবার যেন ওই ঘটনার রিপ্লে হলো। ৬ জুলাই মুম্বাইয়ের তাজ হোটেলে আয়োজিত বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে এবারও আগে থেকেই ছিলেন শাহরুখ। পরে যান সালমান। তাকে দেখে এগিয়ে যান শাহরুখ। তারপর জড়িয়ে ধরেন। অনুষ্ঠানে আরও ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চবন। তারকাদের মধ্যে ছিলেন সালমানের বাবা সেলিম খান, দুই ভাই আরবাজ ও সোহেল খান, অভিনেতা সুনীল শেঠি, অর্জুন কাপুর, আদিত্য পাঞ্চোলি, পরিচালক সাজিদ নাদিয়াড়ওয়ালা ও মধুর ভাণ্ডারকর।