ডাচ আক্রমণভাগকে নিয়ে শঙ্কিত ম্যাশেরানো

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:১৭
দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিডফিল্ডার জাভিয়ার ম্যাশেরানো বিশ্বকাপের সেমিফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার আগে নেদারল্যান্ডের আক্রমণভাগের ব্যাপারে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন। ডাচদেরই রয়েছে এবারের বিশ্বকাপে দুর্দান্ত আক্রমণভাগ। তাদের তিন স্ট্রাইকার আরিয়েন রোবেন, রবিন ফন পার্সি ও ওয়েসলি স্নেইডার এবারের বিশ্বকাপে সবার নজর কেড়েছেন। তাই গেলবারের ফাইনালিস্ট নেদারল্যান্ডসের আক্রমণভাগটিকে নিয়ে সতর্ক থাকতে বলেছেন ম্যাশেরানো। নেদারল্যান্ডস দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে মাত্র ১-০ গোলে পরাজিত হয়েছিল। ম্যাশেরানোর মতে- এমন যোগ্যতার কারণেই তারা বিশেষভাবে বিপজ্জনক। আর্জেন্টাইন মিডফিল্ডারটি বলেন, ‘আমরা জানি আমরা এমন একটা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি যারা তাদের ফরোয়ার্ডদের গতির কারণে সেরা হিসেবে বিবেচিত। আমরা অভিজ্ঞ একটা দলের মোকাবেলা করতে যাচ্ছি। গত বিশ্বকাপে রানার্স আপ হওয়ার পর তারা খুবই ক্ষুধার্ত। তিনি আরো বলেন, ‘আমরা কোন সহজ ম্যাচ আশা করছি না এবং তাদের অভিজ্ঞতা ও যোগ্যতার কারণে এটি বেলজিয়ামের চেয়েও কঠিন হবে।’ ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে পরাজিত হওয়ার পর আর্জেন্টিনা এই প্রথম সেমিফাইনালে উঠে এসেছে। ম্যাশেরানোর বিশ্বাস- এবার বাধা অতিক্রম করা না করা ভাগ্যের ওপর নির্ভর করবে। ডাচদের সাথে আসন্ন লড়াইয়ের প্রাক্কালে বার্সেলোনা তারকাটি বলেন, ‘আমাদের এ স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। কারণ আমরা আর্জেন্টিনাকে এমন এক জায়গায় নিতে পারি যা এর আগে সম্ভব হয়নি। এমন সুযোগ খুব কম আসে এবং আমাদের তা গ্রহণ করতে হবে। ২৪ বছর আগে আর্জেন্টিনা যে ম্যাচটি খেলে মাইলফলক স্পর্শ করেছিল আমরা সে জন্য গর্বিত হয়েছিলাম; কিন্তু সেটাই মানুষের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।’ ম্যাশেরানো আরো বলেন, ‘আমাদের সামনে সুন্দর ও চমত্কার একটি স্বপ্ন আছে এবং ফাইনালে পৌঁছে আমরা সেটা পূরণ করতে চাই।’ -বাসস