বিমানবন্দরে দশ কেজি সোনা উদ্ধার, আটক ২

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৩৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৃথক দুই ঘটনায় প্রায় ১০ কেজি ওজনের ৮৩টি সোনার বারসহ দু’জনকে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। আটককৃতরা হলেন, মো. আলাউদ্দিন ও শাহীন। উদ্ধারকৃত সোনার মূল্য প্রায় ১০ কোটি টাকা। মঙ্গলবার ভোর ৫টার দিকে দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এই ফ্লাইটের যাত্রী মো. আলাউদ্দিন তার মালামাল নিয়ে গ্রিন চ্যানেল দিয়ে বের হবার চেষ্টা করে। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দারা তার ব্যাগ ও তার দেহ তল্লাশি করে ৭ কেজি ৪শ’ ৬৪ গ্রাম ওজনের ৬৪টি সোনার বার উদ্ধার করেন। অপরদিকে সকাল ১০টার দিকে দুবাই থেকে আসা অপর একটি ফ্লাইটের যাত্রী শাহীনের কাছ থেকে ১৯টি সোনার বার উদ্ধার করা হয়। শাহীনের বাড়ি চট্টগ্রামে।