গার্মেন্টস শ্রমিকদের মানসম্পন্ন মজুরির দাবিতে দীর্ঘদিন সংগ্রাম করলেও তা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেনি। আজও শ্রমিকরা মজুরি বৈষম্যের শিকার। তাই গার্মেন্টস সেক্টরে মানসম্পন্ন মজুরি আন্দোলনকে ফলপ্রসূ করতে ট্রেড ইউনিয়নকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট ক্ষেত্রে বিজ্ঞজন। তারা মনে করেন, ট্রেড ইউনিয়ন সক্রিয় ও শক্তিশালী আন্দোলনের মাধ্যমে মজুরিকে একটা সম্মানজনক অবস্থায় নিতে পারবে। গতকাল এশিয়ান ফ্লোর ওয়েজ এর উদ্যোগে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সহযোগিতায় বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আন্দোলন এবং সংশ্লিষ্ট ট্রেড ইউনিয়নগুলোর পরিচালিত সংগ্রামী আন্দোলন ও ভূমিকাকে আরো কার্যকর করা ও বৈশ্বিক সংহতি গড়ে তোলার পন্থা নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলা হয়।
বিএনপিএস এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপিএস-এর নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। এশিয়ান ফ্লোর ওয়েজ এর প্রতিনিধি আইরিন জেভিয়ার এশিয়ার নারী শ্রমিকদের অবস্থা নিয়ে একটি নিবন্ধ উপস্থাপন করেন। এতে এশিয়ান ফ্লোর ওয়েজ প্রথম সারির পোশাক প্রস্তুতকারী/আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন মজুরি আদায়ের লক্ষ্যে এশিয়া-ইউরোপ-আমেরিকার শ্রমিক সংগঠনসমূহের সাথে সক্রিয়ভাবে কাজ করার অভিজ্ঞতা বিনিময় করেন আইরিন জেভিয়ার।
সভায় গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের চেয়ারম্যান বাবুল আকতার, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমীন, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ডা. ওয়াজেদুল ইসলাম, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের চেয়ারম্যান বাহারেন সুলতান, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার ফেডারেশনের চেয়ারম্যান মো: আবুল হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মসূচি লীগ চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম রনি, গার্মেন্টস শ্রমিক সংহতির চেয়ারম্যান তাসলিমা আকতার লিমা, বিসিডব্লিউ-এর চেয়ারম্যান কল্পনা আকতার, কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক বেবী, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের এবিএম মনিরুজ্জামান মাসুম, বিলস এর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সম্প্রতি ক্লিন ক্লোদস ক্যাম্পেইন এর উদ্যোগে এশিয়ার কয়েকটি দেশে পোশাক শ্রমিকদের জীবনমান সম্পন্ন মজুরি নিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত গবেষণার অংশ হিসাবে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে যে গবেষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়েমা হক বিদিশা পরিচালনা করেছেন সেটিও সবার সামনে তুলে ধরেন বিএনপিএস এর সমন্বয়কারী ফয়সাল বিন মজিদ।
