বিশ্বকাপে অবৈধভাবে টিকিট বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ব্রাজিলের পুলিশ ফিফার টিকিট বিক্রির একটি সহযোগী প্রতিষ্ঠানের সন্দেহভাজন প্রধান নির্বাহীকে গত সোমবার আটক করেছে। রিও ডি জেনিরোর কোপাকাবানা বিচের বিলাসবহুল এক হোটেল থেকে টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠান ম্যাচ হসপিটালিটির পরিচালক রে হোয়েলানকে আটক করা হয় বলে পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেছেন। এই ঘটনায় আন্তর্জাতিক টিকিট কালোবাজারি চক্রের মোট ১১ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হোয়েলান বৃটিশ নাগরিক, কিন্তু এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে তাত্ক্ষণিক ভাবে কিছু নিশ্চিত করা হয়নি। পুলিশ জানিয়েছে আন্তর্জাতিক এই চক্রটি ২০০২ জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ থেকেই সক্রিয় এবং এ পর্যন্ত তারা লাখ লাখ ডলারের টিকিট কালোবাজারি করেছে।
