স্টেফানোর মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল বিশ্ব

আপডেট : ০৮ জুলাই ২০১৪, ২১:৩৮
রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেড ডি স্টেফানোর মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমেছে। গত শুক্রবারই ৮৮ বছরে পদার্পণ করা সর্বকালের সেরাদের অন্যতম স্টেফানো কয়েকদিনের অসুস্থতার পর সোমবার রাতে মৃত্যুবরণ করেন। স্টেফানোর মৃত্যুতে শোক জানানোদের মধ্যে অগ্রভাগে আছেন বর্তমান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, ফিফা প্রধান সেপ ব্ল্যাটার। কিংবদন্তি স্টেফানো গত শনিবার হূদরোগে আক্রান্ত হন। এর পর থেকেই মাদ্রিদের এক হাসপাতালে কোমায় ছিলেন তিনি। খেলোয়াড়ী জীবনে পাঁচবার টানা ইউরোপীয়ান কাপ জিতেছিলেন আর্জেন্টাইন বংশোদ্ভূত এই ফরোয়ার্ড। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত টানা এই জয়ে তার গোল ছিল সবক’টি ফাইনালেই। আর্জেন্টিনায় জন্ম নেয়া এই খেলোয়াড় আটবার স্প্যানিশ লিগ জিতেছিলেন। এছাড়াও ১৯৫৭ ও ১৯৫৯ সালে দু’বার ইউরোপ সেরা খেলোয়াড় হন তিনি। তিনটি ভিন্ন ভিন্ন দেশের হয়ে খেললেও বিশ্বকাপে কখনো খেলা হয়নি তার। আর্জেন্টিনার হয়ে ছয়বার, কলম্বিয়ার হয়ে তিনবার এবং স্পেনের হয়ে ৩১ খেলায় অংশ নেন। কলম্বিয়ার খেলাগুলো অবশ্য ফিফা স্বীকৃত নয়। বর্তমান প্রজন্মের অনেকেই তার খেলা দেখেননি। তবু স্টেফানোর প্রতি শ্রদ্ধায় বিনম্র তারা। বার্সেলোনা তারকা মেসি তার স্বদেশীকে নিয়ে টুইটারে লিখেছেন-‘বিশ্ব আজ এক কিংবদন্তিকে হারালো। মাঠ ও মাঠের বাইরে মিলিয়ে অসাধারণ এক মানুষ তিনি। তার পরিবারের জন্য রইলো প্রার্থনা।’ ফিফা সভাপতি বলেন,‘ডি স্টেফানোর মৃত্যুতে আমি ব্যথিত। তিনি হলেন আমার দেখা সম্পূর্ণ খেলোয়াড়। এক কিংবদন্তি চলে গেলেন।’ রিয়াল মাদ্রিদের তারকা রোনালদো বলেন, ‘আমার ও সকল মাদ্রিদিস্তা এবং বিশ্ব ফুটবলের জন্য এটা একটা দুঃখের দিন। ডন আলফ্রেডো আমাদের ছেড়ে গেছেন। তবে তার স্মৃতি আমাদের হূদয়ে চিরজাগরুক থাকবে। কিংবদন্তিদের মৃত্যু হয় না।’ তার মৃত্যুতে শোক জানিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও।