ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘোপাল ইউনিয়ন পরিষদের সদস্য কোহিনূর বেগম। প্রকাশ কোহিনূর মেম্বারের পরিবার দলীয় কোন্দলের জের ধরে নিজ দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীদের ভয়ে ২ মাস যাবত পালিয়ে বেড়াচ্ছে। গতকাল শুক্রবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে এক সাংবাদিক সম্মেলনে কোহিনূর মেম্বার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বালু মহলসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাসহ একাধিক মামলার আসামী মহিউদ্দিন বাদলসহ নিজ দলীয় কিছু লোকের সঙ্গে তার পরিবারের দ্বন্দ্ব চলে আসছে। এই বিরোধের জের ধরে এবং চাঁদার দাবিতে সন্ত্রাসীরা তার ৩টি স’মিল বন্ধ করে দিয়েছে এবং ১৬ কক্ষ বিশিষ্ট দোকান ঘর ও থাকার ঘর জ্বালিয়ে দিয়েছে। অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাসীদের প্রকাশ্যে মহড়ার কারণে প্রাণের ভয়ে ২ মাস যাবত পালিয়ে বেড়াচ্ছে পরিবারটি। ৩০ জুন র্যাবের উদ্ধারকৃত অস্ত্রের সঙ্গে তার পরিবারের কোন সদস্যের সম্পর্ক নেই কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে প্রতিপক্ষ তাদেরকে এই ঘটনায় জড়ানোর চেষ্টা করছে। পরিবারের নিরাপত্তার জন্য কোহিনূর মেম্বার মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন।
