আছেন মুলারও

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ১৮:২৪
দিনটি ছিল ব্রাজিলিয়ানদের জন্য লজ্জার। আর জার্মানদের জন্য স্মরণীয়। আর সবচেয়ে বেশি স্মরণীয় অবশ্যই মিরোস্লাভ ক্লোসার জন্য। তবে, আরেকজন জার্মান তারকা আছেন যিনি ব্রাজিলের বিপক্ষে বেলো হরিজন্তের সেমিফাইনালে নতুন এক ইতিহাস রচনা করেছেন। তিনি হলেন ফরোয়ার্ড টমাস মুলার। ব্রাজিলের বিপক্ষেও দারুণ ছিলেন ২৪ বছর বয়সী বায়ার্ন মিউনিখের এই তারকা। ব্রাজিলের জালে প্রথম গোলটি মুলারের। জার্মানির প্রথম কর্নারকেই গোলে পরিণত করেন তিনি। ১১তম মিনিটে ডানদিক থেকে ক্রুসের কর্নার সোজা মুলারের পায়ে এসে পড়ে। অরক্ষিত এই ফরোয়ার্ড বলে জালে জড়াতে কোনো ভুল করেননি। এই বিশ্বকাপে এটা জার্মান ফরোয়ার্ডের এটি পঞ্চম গোল। গত বিশ্বকাপেও পাঁচটি গোল করেছিলেন তিনি। চলতি বিশ্বকাপে নিজের পঞ্চম গোল নিয়ে মুলার গোল সংখ্যার দিক থেকে মুলার ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি ও নেইমারকে। ছয় গোল নিয়ে তার সামনে আছেন কেবল কলম্বিয়ার ২২ বছর বয়সী ফরোয়ার্ড জেমস রড্রিগেজ। গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন এই দু’জনই। ফলে ফাইনালে তার সামনে এই সুযোগ থাকছে। ব্রাজিলের বিপক্ষে আরেকটি অনন্য রেকর্ড গড়েছেন মুলার। এইটি গোল দিয়ে নতুন এক ইতিহাসই রচনা করে ফেললেন তিনি। ফুটবল ইতিহাসে মাত্র ১৩তম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে তিনি করলেন নিজের দশম গোল। বয়স মাত্র ২৪। কে জানে! হয়তো একদিন মিরোস্লাভ ক্লোসাকে পিছনে ফেলে দেবেন তিনি! ম্যাচ শেষে মুলার অবশ্য ব্যক্তিগত নয়, দলীয় অর্জনকেই এগিয়ে রাখলেন, ‘আসলে জয়ের ব্যবধানটা এতো বড় হবে, সেটা আমাদের কল্পনাতেও ছিল না। ব্রাজিলও কিছুটা ভিন্ন রকম ফুটবল খেলেছে। এবার আমাদের এই উন্নতিটা ধরে রাখতে হবে।’