অতঃপর সেঞ্চুরি...

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ১৮:৩৪
ভালো কাজ দিয়েও যে নিজের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য তুলে ধরা যায়, তা প্রমাণ করতে সক্ষম হয়েছেন নাট্যনির্মাতা অঞ্জন আইচ। মানসম্পন্ন নির্মাণের প্রতিই তার আকর্ষণ সব সময়ই। আর এই গুণের উপর ভর করেই গুণী এই নির্মাতার ব্যস্ততা তার ১০০তম নাটকের শুটিং নিয়ে। খণ্ডনাটক ধারাবাহিক ও টেলিফিল্মে হাফ-সেঞ্চুরি করেছেন অনেক আগেই করলেও এবার রবীন্দ্রনাথের মাল্যদান গল্পের উপর ভর করে করতে যাচ্ছেন সেঞ্চুরি। নাটকের মূল দুই নারী চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ ও সামিহা। ২২শে শ্রাবণ কবিগুরুর মৃত্যুবার্ষিকীতে নাটকটি প্রচারের ইচ্ছা প্রকাশ করেন তিনি। নির্মাণশৈলীতে চমক নিয়ে অঞ্জন আইচের প্রতিটি নাটক সমান জনপ্রিয় হয়ে ওঠে দর্শকদের কাছে। নিজের এই ১০০তম নাটক নিয়ে মিডিয়াতে দীর্ঘ পরিক্রমায় সম্পর্কে তিনি বলেন, ‘একটি নাটকের সব ধকলই সামলাতে হয় পরিচালককে। দীর্ঘ এই পথ পরিক্রমায় এই ধকলগুলোই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছে। আর ১০০তম নাটকটি একটু স্পেশাল চিন্তা করেই দ্বারস্থ হয়েছি রবীন্দ্রনাথের কাছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’ বর্তমান মিডিয়াতে মেধার চে গ্ল্যামার মুখ্য হয়ে উঠছে এমন আলোচনার প্রেক্ষিতে অঞ্জন বলেন, ‘কথাটি একেবারেই বেঠিক তা আমি বলব না। তবে শিল্প বেঁচে থাকে মেধার উপর ভর করে। গতানুগতিকতাকে পাশ কাটিয়ে আমি বরাবরই উল্টো পথে হেঁটেছি। যেখানে গ্ল্যামার মুখ্য ছিল না। তাই বলে যে আমার নাটক দর্শক গ্রহণ করেনি তা তো না। গ্ল্যামারের উপর ভর করে সাময়িক অবস্থান তৈরি হলেও মেধা জোর না থাকলে তা অচিরেই ঝরে পড়বে।’ অঞ্জন আইচের এই দীর্ঘপথ পরিক্রমায় রইল অনেক শুভেচ্ছা।