দীর্ঘদিন পর এবারের ঈদে একক অ্যালবাম প্রকাশ করছেন তাহসান। অভিনয় আর গান সমান জনপ্রিয়তায় এবারের কাজ প্রসঙ্গে নিজের মতামত দিলেন বিনোদন প্রতিদিনের সাথে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
ঈদকে ঘিরে আপনার ব্যস্ততা কেমন?
এই ঈদে আমার একক অ্যালবাম রিলিজ পাচ্ছে। খুব সম্ভাবনা ২০ জুলাই বাজারে আসছে আমার অ্যালবামটি। এছাড়া বিভিন্ন চ্যানেলে এবার মোট পাঁচটি নাটক প্রচারিত হবে। নাটকগুলোর শুটিং এরই মধ্যে শেষ করে ফেলেছি। তবে নাটকের নামগুলো ঠিক মনে নেই। এছাড়া কয়েকটি নাটকের আবহ সংগীত করছি। যেহেতু দুই জগতেই কাজ করছি তাই এবারের ঈদটা একটু বিশেষ ঈদ আমার জন্য। বিশেষ দিনের বাইরে ভক্তরা আপনার নাটক দেখতে পায় না কেন?
আমি মূলত গানের মানুষ। কয়েকটি কাজ করে দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছি। তাছাড়া অভিনয়ও আমার ভালোবাসার একটি জায়গা। কিন্তু নিয়মিত অভিনয় করলে হয়তো দর্শকরা আমাকে দেখার আগ্রহ হারিয়ে ফেলবে। তাই অল্প কিন্তু ভালো কাজ করেই টিকে থাকতে চাই।
গানের জগতে আপনার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার উপর ভর করেই কি নাটকে আপনি জনপ্রিয়?
আসলে আমার তিন ধরনের ভক্ত আছে। এক, আমার গান পছন্দ করে। দুই, আমার অভিনয় পছন্দ করে। আর তিন, দুইটাই পছন্দ করে। কিন্তু আমার তা মনে হয় না। কারণ আমার অনেক নাটকের দর্শক ভক্ত আছেন যারা আমার গানের চেয়ে নাটক বেশি পছন্দ করেন। আর যেই জায়গায় কাজ করি না কেন যদি ভালোবাসা আর কাজের প্রতি আত্মত্যাগ থাকে তাহলে কোনো জনপ্রিয়তার উপর ভর করার প্রয়োজন হয় না।
আপনার প্রথম ছবি ‘টু বি কন্টিনিউ’-এর কাজ মাঝ পথে বন্ধ হয়ে
যাওয়ার কারণ কী?
সেটা পরিচালক বলতে পারবেন। আমি অভিনয় থেকে সরে এসেছি আমার ব্যক্তিগত কিছু কারণে। পরিচালক যখন চাইবে আবার শুরু করবেন। কিন্তু আমি আবারও নিয়মিত করব কি না সেটা এখন বলতে পারছি না। তবে নতুন একটি ছবিতে কাজ করছি। রেদওয়ান রনির ‘মরীচিক’ ছবিতে কাজ করব।
