শোকে কাঁদলেন ব্রাজিল সমর্থক তারকারাও

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:১২
গত প্রায় ১ মাস ধরেই এই বিশ্বকাপ উন্মাদনায় শোবিজ তারকারা নিজ নিজ প্রিয় দলের জার্সি পরে ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ার ফটোশুটে ব্যস্ত ছিলেন। তবে এর ভেতরে হাড্ডাহাড্ডি লড়াই ছিল ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক শিল্পীদের ভেতরে। এক কথায় বিভক্ত হয়ে গিয়েছিল পুরো শোবিজ অঙ্গন। মৌসুমী পরিবার পুরোটাই স্তব্ধ খেলা দেখে। কারণ ব্রাজিলের খেলা হলেই তাদের বাসায় বেশ আয়োজন নিয়েই তা দেখা হয়। শোকে স্তব্ধ হয়েছে উপস্থাপক শারমিন লাকীর পরিবারও। ব্রাজিলের এই ৭ গোলে পরাজয়ের ভরাডুবি তিনি মেনে নিতে পারছেন না। বরাবরই বন্ধুবান্ধবদের আড্ডাতে গর্ব করেন ব্রাজিল ফুটবল নিয়ে। আসিফ নিজেও কেঁদেছেন গত ৯ জুলাই ব্রাজিল-জার্মানি সেমিফাইনাল দেখে। আসিফের কথায়, ‘নেইমার-সিলভাকে না পেয়ে এমনিতেই মনোবল হারিয়ে ফেলেছিল ব্রাজিল। এরপর জার্মানির প্রথম গোলের পর পুরো যেন এলোমেলো হয়ে গিয়েছিল। আর ডেভিড লুইস সেমিফাইনালের ব্রাজিলের ক্যাপ্টেন ব্যাচের চাপ সহ্য করতে পারেনি। এদিকে কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদারও শোকহত হয়ে ব্যথাতুর স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে। চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্রাজিলের এই ভরাডুবি নিয়ে বললেন, ‘কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।’ একইভাবে এই বিশ্বকাপজুড়ে তারকারা বিভিন্ন কফি শপে এক জোট হয়ে খেলা দেখার রীতি চালু করেছিলেন। ব্রাজিলের এই মহাপরাজয়ে তাদের ভেতরেও শোকের অমানিশা নেমে এসেছে।