দিনমজুরের জমি দখল করলেন আ’লীগ নেত্রী

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:২০
রূপগঞ্জে গত মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে দিনমজুর ও মাছ বিক্রেতার জমি দখল করে নিয়েছেন স্থানীয় এক আওয়ামী মহিলা লীগ নেত্রী। রূপগঞ্জ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক সামসুল হক মিয়া জানান, ওই জমির মালিকানা নিয়ে একাধিক সালিশ হয়েছে। সালিশের সিদ্ধান্ত উপেক্ষা করে সদর ইউনিয়ন আওয়ামী মহিলা লীগ নেত্রী লতিফা বেগম দিনমজুর আফিরউদ্দিন, মাছ ব্যবসায়ী আব্দুল হক, আব্দুল কাদিরের ৫ শতাংশ জমি পুলিশের উপস্থিতিতে দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেছেন। এলাকাবাসী জানান, বাউল শিল্পী ওই নেত্রী বিগত উপজেলা নির্বাচনের পর আওয়ামী মহিলা লীগে যোগ দিয়ে জমি দখলসহ নিরীহ লোকজনকে গ্রেফতারের ভয় দেখিয়ে দলের ভাবমূর্তি বিনষ্ট করে চলেছেন। জমির মালিক আব্দুল হক মিয়া জানান, ওই জমি নিয়ে কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে পুলিশের উপস্থিতিতে জমি দখল করেছে। এব্যাপারে অভিযুক্ত নেত্রী লতিফা বেগম জানান, অন্যের জমি দখলের বিষয়টি সঠিক নয়। আরএস রেকর্ডের নকশানুযায়ী জমি দখলে নেয়া হয়েছে। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, পুলিশের উপস্থিতিতে জমি দখলের বিষয়টি সঠিক নয়। তবে সংঘর্ষ মোকাবিলার জন্যই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।