মাঠের লজ্জা ভার্চুয়াল জগতেও

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:২১
জার্মানির বিরুদ্ধে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়। বিশ্বকাপ সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় হার। বিশ্বকাপ তো বটেই নিজেদের ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় হার। গত মঙ্গলবার রাতে জার্মানির বিরুদ্ধে সাত গোলের লজ্জায় ডোবার রাতে এমন বেশ কিছু কলঙ্কজনক রেকর্ডের সাক্ষী হয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এমন ন্যাক্কারজনক পারফরম্যান্সে ফুঁশে উঠেছেন তাদের ভক্ত-সমর্থকরা। তাদের সাথে যুক্ত হয়েছেন ব্রাজিল বিরোধী সমর্থকরাও। বিশ্বজুড়ে এমন লাখো মানুষ রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। টুইট্যার জানিয়েছে, একক কোন ম্যাচ নিয়ে খেলা চলাকালীন সবচেয়ে বেশি টুইট হয়েছে এই ম্যাচেই। সেটার সংখ্যা প্রায় ষাট লাখ! খেলার আগে পরে যতগুলো হয়েছে, সেই হিসাব তো বাদই! ব্রাজিলের চাইতে হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে বসেও টের পাওয়া যাচ্ছে সেই ঝড়। আর ব্রাজিলে কেমন সেটা তো অনুমেয়ই। এরই মধ্যে সেখানে দাঙ্গা এবং লুটপাটের ঘটনা ঘটেছে। যারা সরাসরি ক্ষোভ প্রকাশ করেননি, তারা বেছে নিয়েছেন ভার্চুয়াল মাধ্যমকে। ব্রাজিলের লজ্জা বোঝাতে বেছে নেয়া হয়েছে বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার, নেইমার, ডেভিড লুইস সহ অনেককেই। কেউ কেউ ফটোশপ করে ক্রাইস্ট দ্য রিডিমারের মূর্তিটাকে পাল্টে দিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে রিও ডি জেনিরোর এই বিখ্যাত মূর্তিটি হাত ছড়িয়ে রাখার বদলে দুই হাত দিয়ে মুখ ঢেকে আছে! আরেকটি ছবিতে দেখা গেছে, ক্রাইস্ট দ্য রিডিমারের জায়গায় দাঁড়িয়ে আছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল! বিখ্যাত কোমল পানীয় নির্মাতা প্রতিষ্ঠান সেভেন আপের বিজ্ঞাপনে নেইমারের একটি ছবিও বেশ আলোচিত হয়েছে। যেখানে নেইমার সেভেন আপের একটি ক্যান হাতে দাঁড়িয়ে। বলা বাহুল্য ব্রাজিলের সাত গোল হজমের দিকেই ইঙ্গিত করছিল সেটা। আরেকটি ছবিতে দেখা গেছে টার্মিনেটর ছবিতে আর্নল্ড শোয়ার্জনেগারের বিখ্যাত চরিত্রের অনুকরণে কাঁধে রকেট লাঞ্চার নিয়ে দাঁড়িয়ে্ আছেন টমাস মুলার! একের পর এক আঘাতে মুলার বিধ্বস্ত করছেন ব্রাজিলকে! অবশ্য এমন লজ্জাজনক হারের পর এমন কিছু নিশ্চয়ই ততটা অপ্রত্যাশিত নয়! ডেইলি মেইল অবলম্বনে।