চুরির অভিযোগে সাবেক বান্ধবীকে আটকের অনুরোধ জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা। মঙ্গলবার ম্যারাডোনার এ্যাটর্নি মাটিয়াস মোরলা আমেরিকা টেলিভিশনে এই তথ্য জানিয়েছেন।
৫৩ বছর বয়সী সাবেক এই আর্জেন্টাইন জাদুকরের ব্যক্তিগত জীবন নিয়ে নাটক কম হয়নি। এবার নতুন করে যোগ হলো ২২ বছর বয়সী সাবেক বান্ধবী রোসি অলিভার বিপক্ষে চুরির অভিযোগ। অভিযোগে বলা হয়েছে, দুবাইতে অলিভার সাথে থাকাকালীন সেখান থেকে ঘড়ি, হীরার কানের দুলসহ আরো বেশ কিছু মূল্যবান জিনিস তিনি চুরি করেছেন। মাটিয়াস বলেছেন, সে যেকোন সময়েই আটক হতে পারে। তার বিপক্ষে আমরা আন্তর্জাতিক গ্রেফতারী পরোয়ানার অনুরোধ জানিয়েছি। আইনজীবীদের মাধ্যমে এই নির্দেশ ইন্টারপোলের কাছে পৌঁছে দেয়া হবে। দুবাইতে স্পোর্টস প্রোমোটার হিসেবে দায়িত্ব পালনকারী ম্যারাডোনা অলিভাকে নিয়ে সেখানেই বসবাস করতেন। মোরলা জানিয়েছেন, এই অভিযোগ খণ্ডানোর জন্য অলিভাকে সংযুক্ত আরব আমিরাতে যেতে হবে এবং কিভাবে এই ঘটনা ঘটলো তার পূর্ণ ব্যাখ্যা দিতে হবে। এদিকে অলিভা এই অভিযোগ অস্বীকার করে উল্টো ম্যারাডোনাকেই বিভিন্ন ঘটনার জন্য দায়ী করেছেন।
