বিএসএমএমইউ শাখা স্বাচিপের অবস্থান কর্মসূচি পালন

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৩৩
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিত্সক ও কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালা প্রণয়ণ, প্রকল্পসমূহের আর্থিক ব্যয়ের শ্বেতপত্র প্রকাশসহ আট দফা দাবিতে বুধবার সকালে বিএসএমএমইউ’র শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাধীনতা চিকিত্সক পরিষদের বিএসএমএমইউ শাখার নেতৃবৃন্দ। অন্য দাবিগুলো হলো বিএসএমএমইউ’র সকল স্তরের শিক্ষক, চিকিত্সক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের আর্থিক প্রণোদনার ব্যবস্থা, শিক্ষার্থীদের জন্য আসবাবপত্রসহ হোস্টেল ব্যবস্থাপনার উন্নয়ন, শূন্য পদে শিক্ষক ও মেডিক্যাল অফিসার নিয়োগ, উচ্চতর ডিগ্রিপ্রাপ্ত মেডিক্যাল অফিসারদের কনসালটেন্ট হিসেবে নিয়োগ প্রদান ও বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের স্বচ্ছতা আনা। বিএসএমএমইউ’র শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কামরুল হাসান খান উপরোক্ত দাবিসমূহের প্রতি একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। পরে স্বাধীনতা চিকিত্সক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাচিপের বিএসএমএমইউ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপনের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি বৈঠক হয়। বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উল্লিখিত দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস প্রদান করলে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে আগামী দুই সপ্তহের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।