বিশ্ব ফুটবলের নির্বাহী সংস্থা ফিফার মেডিক্যাল কমিশন ব্রাজিল বিশ্বকাপকে মাদক মুক্ত ঘোষণা করেছে। মাদক পরীক্ষায় ব্রাজিল বিশ্বকাপে কোন খেলোয়াড়ের শরীরে ইতিবাচক ফল পাওয়া না যাওয়ায় এমন ঘোষণা দিল ফিফা। ফিফার প্রধান মেডিক্যাল কর্মকর্তা জিরি ডোরাক এক সংবাদ সম্মেলনে জানান, বিশ্বকাপে অংশ নেয়া মোট ৭৩৬ জন খেলোয়াড়কে টুর্নামেন্ট চলাকালীন কিংবা আগে শক্তি বর্ধক মাদক পরীক্ষা করা হয়েছে। কিন্তু কারো শরীরেই কোন মাদকের প্রমাণ পাওয়া যায়নি।
তিনি জানান, গত মার্চে ৭৭৭ জন এবং ১২ জুন টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে এ পর্যন্ত আরো ২৩২ জন সহ মোট এক হাজারের বেশি খেলোয়াড়ের নমুনা পৃথক পৃথকভাবে পরীক্ষা করা হয়েছে।
ডোরাক বলেন, ‘টুর্নামেন্ট চলাকালে কিংবা শুরুর আগে আমরা ইতিবাচক কোন উপাদান পাইনি।’
