বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ মিঠুনের জোড়া গোলে শেখ রাসেলের জয়

আপডেট : ০৯ জুলাই ২০১৪, ২১:৪৩
মিঠুন চৌধুরীর জোড়া গোলে শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় ২-১ ব্যবধানে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত দিনের অপর খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২০ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে ইউসুফ সিফাতের দেয়া বলে হেড দিয়ে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন ওয়াহেদ আহমেদ। ৩১ মিনিটে ফজলে রাব্বির দেয়া পাস থেকে বল পেয়ে গোল করে শেখ রাসেলকে সমতায় ফেরান মিঠুন। ৫২ মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ওই মিঠুনই। অন্যদিকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিরুদ্ধে পঞ্চম মিনিটেই গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে নেন ইব্রাহিম। এই গোলটিতেই খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামালের মুখোমুখি হবে টিম বিজেএমসি।