আর্জেন্টাইনদের সাফল্যের মূল মন্ত্র কি? লিওনেল মেসির ঝলক, দারুণ দলীয় বোঝাপড়া, কোচ আলেসান্দ্রো সাবেলার কৌশল। অবশ্যই এসবের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তা না হলে কি আর বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্ভব!
তবে, এর বাইরে আরও কিছু কিছু ছোট ঘটনা কাজ করেছে আর্জেন্টাইনদের সাফল্যের পিছনে। এর মধ্যে উপরের দিকেই থাকবে খেলোয়াড়দের পরিবারের সমর্থন। এই যেমন, বার্সেলোনার তারকা মেসির প্রেমিকা অ্যান্টোনেলা রোকুজ্জো। প্রতিদিনের মত গত বুধবার রাতেও নেদারল্যান্ডসের বিপক্ষে সেমিফাইনালে তিনি উপস্থিত ছিলেন অ্যারেনা ডি সাও পাওলোতে।
গোটা ম্যাচ জুড়েই সমর্থন জুগিয়ে গেছেন মেসির দলকে। তবে, আর্জেন্টাইনদের জন্য পারিবারিক সমর্থনটা এখানেই শেষ নয়। মেসি ছাড়াও ফার্নান্দো গ্যাগো, মার্টিন ডেমিকেলিস ও ম্যাক্সি রড্রিগেজদের স্ত্রী-বান্ধবীরাও উপস্থিত ছিলেন মাঠে। সেমিফাইনাল শুরু হওয়ার আগে এক সেলফি তুলে তারা পোস্ট করে দেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।
আর তাই অনেকটা ঘরের মাঠের আমেজ নিয়েই কি না, সেমিফাইনালের বাধা পেড়িয়ে গেল আর্জেন্টিনা। টাইব্রেকারে গড়ানো ম্যাচে ৪-২ ব্যবধানের জয় নিয়ে তারা পৌঁছে গেল স্বপ্নের ফাইনালে।
১৩ জুলাই কাদের হাতে উঠবে ট্রফি? আর যাই হোক সেই লড়াইয়ের আগেও নিজেদের পরিবারকে পাশেই চাইবেন মেসি-গ্যাগো-ডেমিকেলিসরা!
