জাপানে মুসলিম পর্যটকদের জন্য
মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে জাপানে এখন নামাজ ঘরের ব্যবস্থাসহ স্থানীয় রেশমের তৈরি হিজাব এবং হালাল সনদের তিমি মাছও পাওয়া যায়। ইসলাম ধর্মের বিধান অনুসরণে জাপানের পর্যটন কর্তারা এই পদক্ষেপ নিয়েছে। ব্যাপকভাবে এক জাতিকেন্দ্রীক সূর্যোদয়ের এই দেশে মুসলমানের সংখ্যা ১ লাখ হতে পারে। অন্য ধর্ম-সংস্কৃতির অচেনা-অপরিচিত প্রথাগুলোর প্রতি যত্নবান হয়ে ২০২০ সালের মধ্যে জাপানে বিদেশি পর্যটকের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য পূরণের সহায়ক পরিবেশ গড়তে এই উদ্যোগ নেয়া হয়েছে। —এএফপি
পর্যটককে হত্যার দায়ে মালয়েশীয়কে মৃত্যুদণ্ড
মালয়েশিয়ার আদালত ফরাসী পর্যটককে হত্যার দায়ে এক দোকানীকে মৃত্যুদণ্ড দিয়েছে। দোষীসাব্যস্ত হওয়ার পর আদালত বুধবার তাকে এ মৃত্যুদণ্ড দেয়।
পূর্ব উপকূলীয় রাজ্য পাহাংয়ের তিয়োমান দ্বীপ থেকে ২০১১ সালের মে মাসে ফরাসী পর্যটক স্টেফানি ফোরে নিখোঁজ হন। তিন মাস পর দ্বীপের একটি গর্ত থেকে তার দেহের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়।
পাহাংয়ের রাজধানী কুয়ানটানের উচ্চ আদালত আসনি ওমর (৩৯)কে দোষীসাব্যস্ত ও মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। —এএফপি
কুমির থেকে রক্ষা!
অল্পের জন্য কুমিরের কাছ থেকে প্রাণে রক্ষা পেলেন অস্ট্রেলিয়ার একজন চিড়িয়াখানাকর্মী। দেশটির নিউ সাউথ ওয়ালসের একটি চিড়িয়াখানায় কুমিরকে খাওয়াতে গিয়ে নিজেই খাবার হতে বসেছিলেন ট্রেন্ট বার্টন নামে ৩১ বছর বয়সী ওই চিড়িয়াখানাকর্মী। জন নামের ১২ ফুট দৈর্ঘ্যের পুরুষ কুমিরটি তাকে কামড়ে ধরে পানিতেও নিয়ে গিয়েছিল। সেখান থেকে তিনি কোনরকমে ছাড়া পান বলে বিবিসি জানিয়েছে। বার্টনের দুই হাতে কুমিরে কামড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে চিকিত্সা দেয়া হয়েছে। জন ও তার সঙ্গী নারী কুমির ডন ১০ বছর ধরে সোয়ালহেভেন চিড়িয়াখানায় রয়েছে। —বিডিনিউজ
বাগদাদে ৫৩টি লাশ
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি শহরে নিরাপত্তা বাহিনী চোখ এবং হাত বাঁধা ৫৩টি লাশ খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। তারা জানান, হিলা শহরের প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে প্রধানত শিয়া অধুষ্যিত খামিসিয়া গ্রামে মৃতদেহগুলো পাওয়া যায়। তবে নিহতদের পরিচয় সম্পর্কে তাত্ক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। তারা কে এবং কেন তাদেরকে হত্যা করা হয়েছে তাও তাত্ক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি। — রয়টার্স
