ব্রাজিল বিশ্বকাপে জার্মানির সাথে ৭-১ গোলে হেরে স্বাগতিকরা এখন শোকের সাগরে ভাসছে। তবে বাংলাদেশের ব্রাজিল সমর্থকদের জন্য একটা মজার খবর হচ্ছে এবারের কৃষকের বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। আর এই মজার কৃষকের বিশ্বকাপের আয়োজক হচ্ছে চ্যানেল আই। ১৩ জুলাই বসবে ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত আসর। এর আগে ১১ জুলাই চ্যানেল আইতে প্রচার হবে ‘কৃষকের বিশ্বকাপ’। শাইখ সিরাজের পরিকল্পনা ও পরিচালনায় ‘কৃষকের বিশ্বকাপ’-এ চিরপ্রতিদ্বন্দ্ব্বী ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি পরে সিরাজগঞ্জের চর মালশাপাড়ার কৃষকরা ফুটবল খেলেন। সেখানে ফ্লাডলাইটে অনুষ্ঠিত ম্যাচটি সাতটি ক্যামেরায় ধারণ করা হয়। ‘কৃষকের বিশ্বকাপ’-এ ৯০ মিনিটের খেলা গোলশূন্য ড্র থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারায় ব্রাজিল। খেলা চলাকালীন ধারাভাষ্য দিয়েছেন চৌধুরী জাফর উল্লাহ শরাফত।
প্রথমবারের মতো আয়োজিত কৃষকের বিশ্বকাপ ফুটবলের একটি স্লোগান ছিল ‘কৃষকের বিশ্বকাপ ফুটবল, বিষমুক্ত খাদ্যের বাংলাদেশ’। খেলা শেষে বিজয়ী দলকে দেওয়া হয় বিশ্বকাপ ট্রফি। ১১ জুলাই বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
